হাতিরঝিলে মিডিয়া রান-২০২৬, অংশ নিলেন প্রায় এক হাজার রানার

নির্মল পরিবেশ ছাড়া পর্যটনের টেকসই বিকাশ সম্ভব নয়: পর্যটনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১২:০৬, ২৮ নভেম্বর ২০২৬

নির্মল পরিবেশ ছাড়া পর্যটনের টেকসই বিকাশ সম্ভব নয়: পর্যটনমন্ত্রী

ছবি : সংগৃহীত

পর্যটনের বিকাশে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।’

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর হাতিরঝিলে ‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে আয়োজিত মিডিয়া রান-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার অংশ নেন। প্রতিযোগিতায় ছিল ৭ দশমিক ৫ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রান- দুটি বিভাগ। পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন এবং পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।

পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন মানে শুধু নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো নয়। এর মাধ্যমে প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি অমূল্য সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব হবে।

তিনি বলেন, পর্যটনের উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দেশের পর্যটন উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। তিনি হাতিরঝিলের মতো কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রেও মিডিয়া রানের মতো কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এসআইপি/দ্যরিপোর্ট২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন