বাংলাদেশ মনিটরের পুরস্কারে সেরা দেশীয় এয়ারলাইন ইউএস-বাংলা

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ০০:৩৭, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ মনিটরের পুরস্কারে সেরা দেশীয় এয়ারলাইন ইউএস-বাংলা

ছবি: সংগৃহীত

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখায় ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দি বাংলাদেশ মনিটর’ এ পুরস্কার দিয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও ছয়টি স্বীকৃতি পেয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।

রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস শফিকুল ইসলাম প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্য অতিথিরা।

ইউএস-বাংলা এয়ারলাইনস এবার বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস—এই তিন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। এ ছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেকটিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে সংস্থাটি।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

পুরস্কার অর্জনের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসকে প্রতিজ্ঞাবদ্ধ করবে।’

উল্লেখ্য, এর আগেও ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

এসআইপি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন