দরজা খুলছে থার্ড টার্মিনালের, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সোমবার

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১০:০৫, ২৮ নভেম্বর ২০২৬

দরজা খুলছে থার্ড টার্মিনালের, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সোমবার

ছবি সংগ্রহীত

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনাল চালুর উদ্যোগ নেয় এবং চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে।

দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে থার্ড টার্মিনাল চালুর পথে আর বাধা নেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার বিষয়টির পর আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিক চুক্তি হবে। টার্মিনালটি উদ্বোধনের কথা ১৬ ডিসেম্বর।

বেবিচকের সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং হবে। ওই অনুষ্ঠানে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বেবিচকের পক্ষ থেকে। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়।

তবে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্ত নিয়ে এর আগে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়


সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকার বিষয়টিও আলোচনায় আসে। ফলে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামো ব্যবহারের সুযোগ সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক দেখা দেয়। কাঠামোগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে ভিন্নভাবে মাশুল ও অর্থ পরিশোধের শর্ত নিয়েও আলোচনা হয়।

জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও, পরবর্তী সময়ে সংশোধিত ও অন্যান্য কাজ যুক্ত হয়ে এর খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হবার পর ২০২৩ সালের অক্টোবরে সফট উদ্বোধন করা হয়। তারপর দুবছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও শুধু জাপানের সঙ্গে আলোচনা সফল না হওয়ার কারণে এটা চালু করা যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন