বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৯, ১৭ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং দেশের পর্যটনকেন্দ্রগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটন সংস্থা। এ ছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক আয়োজন করার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত সপ্তম বিশ্বব্যাপী আকাশ পরিবহন সম্মেলনের ফাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে জাতিসংঘের পর্যটন সংস্থার মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে পর্যটন অবকাঠামো গড়ে তোলা এবং দেশের পর্যটনকেন্দ্রগুলোকে বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রে সংস্থাটির সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বাংলাদেশের পর্যটনের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, পাহাড়ি অঞ্চল ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এসব প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বৈঠকে জাতিসংঘের পর্যটন সংস্থার মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় সংস্থাটির অংশীদারত্বে অনুষ্ঠিতব্য বিশ্ব পর্যটন শিল্প সম্মেলনে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক দেশ হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন মহাসচিব। এ ধরনের আয়োজন সফল করতে সংস্থাটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখার জন্য মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পর্যটনমন্ত্রী। জবাবে মহাসচিব বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা জানান।
এসআইপি