বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২১:১৩, ২৫ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ঠিকাদারি বিল, যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামত এবং ওভারটাইমের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে সংস্থাটির ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগে ঠিকাদারি বিল পরিশোধে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া এবং ঘুষ ছাড়া ফাইলে সই না করার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমনকি ঠিকাদারদের কাছ থেকে পণ্য কেনা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও শতকরা হারে কমিশন আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানে এবার বেবিচকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী অভিযান চালিয়েছে দুদক।
বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। অভিযানের পর ই/এম বিভাগের ঠিকাদারি বিল, পণ্য কেনাকাটা ও অর্থ পরিশোধের প্রক্রিয়া নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে।
দুদক সূত্র জানায়, বেবিচকের ই/এম শাখায় ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, নির্ধারিত হারে ঘুষ না দিলে ঠিকাদারদের বিল আটকে রাখা হয়। শুধু বিল পরিশোধের সময়ই নয়, কাজের প্রাক্কলন তৈরি, প্রশাসনিক অনুমোদন থেকে শুরু করে চূড়ান্ত বিল অনুমোদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। শতকরা হারে টাকা না দিলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা ঠিকাদারি কাজের ফাইনাল বিলে সই করেন না বলেও অভিযোগ রয়েছে। তবে বিভাগের কিছু প্রকৌশলী ঘুষের সঙ্গে জড়িত নন বলেও সূত্র জানিয়েছে।
অভিযোগ রয়েছে, ঠিকাদাররা কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য কিনে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দপ্তরে জমা দেন। এসব পণ্য গ্রহণের ক্ষেত্রেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শতকরা হারে কমিশন দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, কমিশন না দিলে অনেক ক্ষেত্রে পণ্য গ্রহণে আপত্তি তোলা হয়। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চলে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
জানা যায়, একটি ঠিকাদারি কাজের ফাইল অনুমোদন করাতে ৯০ থেকে ৯৪টি পর্যন্ত স্বাক্ষর নিতে হয়। প্রতিটি পর্যায়ে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এ নিয়ে এর আগেও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সিভিল বিভাগেও ঘুষের অভিযোগ
বেবিচকের সিভিল বিভাগেও বিভিন্ন পর্যায়ে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। কাজের প্রাক্কলন তৈরি, চূড়ান্ত বিল অনুমোদন এবং পরিমাপ বই (এমবি) তৈরির ক্ষেত্রেও ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এমনকি রড ও সিমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের কমিশন দিতে হয় বলে অভিযোগ উঠেছে।
দুদকের অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে, বেবিচকের বিভিন্ন শাখায় ওভারটাইমের অর্থ উত্তোলনেও অসংগতি পাওয়া গেছে। বছরে প্রায় ৫০ লাখ টাকা ওভারটাইম বরাদ্দের বিপরীতে কোনো কোনো কর্মীর দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।
এ ছাড়া যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের ক্ষেত্রেও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন কর্মকর্তারা। এসব কেনাকাটা ও মেরামতের ব্যয়, কাজের বাস্তবতা এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।
ব্যাখ্যা দিতে পারেননি তত্ত্বাবধায়ক প্রকৌশলী
অভিযান চলাকালে ই/এম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিষ বড়ুয়ার কাছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চান দুদকের কর্মকর্তারা। তবে তিনি অভিযোগগুলোর বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
এ বিষয়ে বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের আভিযানিক দল জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
বেবিচকের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে উন্নয়নকাজ, কেনাকাটা ও বিল পরিশোধের প্রতিটি ধাপে এমন ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠায় সংস্থাটির আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের কতটা সত্যতা মেলে এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
এসআইপি/দ্যরিপোর্ট২৪