বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৩, ১১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে বিমান ভাড়া পর্যালোচনা, উড়োজাহাজের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সেবা দেওয়া হয়, বাংলাদেশ রুটেও একই মান বজায় রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটিকে এ নির্দেশনা দেওয়া হয়।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশ রুটে চলাচলকারী কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের ভেতরের পরিবেশ যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। বিশেষ করে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও খাবার রাখার ট্রে অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইট ছাড়ার আগে উড়োজাহাজের ভেতরের সব অংশ ভালোভাবে পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দিচ্ছে। এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনা করতে হবে। যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বেবিচক।
একই সঙ্গে বাংলাদেশ থেকে যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে সেবার মান নিয়ে কোনো ধরনের বৈষম্য না করার আহ্বান জানানো হয়েছে। এয়ারলাইন্সগুলো বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও সুযোগ-সুবিধা দিয়ে থাকে, বাংলাদেশ রুটেও একই মান বজায় রাখতে হবে।
বিমান ভাড়ার বিষয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু রুটে ভ্রমণের দূরত্ব ও যাত্রীদের দেওয়া সেবার তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এ কারণে রুটের দূরত্ব ও সেবার মান বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
বেবিচকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এসব বিষয় নিশ্চিত করতে উড়োজাহাজের পরিচ্ছন্নতা, সেবার মান ও যাত্রীদের সুযোগ-সুবিধা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে সংস্থাটি পরিদর্শন কার্যক্রমও অব্যাহত রাখবে।
বেবিচকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশ রুটে চলাচলকারী দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের ক্ষেত্রে যাত্রীসেবার মান উন্নত করা, বিমান ভাড়ায় যৌক্তিকতা নিশ্চিত করা এবং যাত্রীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক আকাশপথের যাত্রা নিশ্চিত করা।
এসআইপি