বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩৬, ১১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশ থেকে মোট ১৮৯টি সময়সূচি ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।
বেবিচক জানায়, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধ জারি করা হয়। এর প্রভাবে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে পরিচালিত ট্রানজিট ফ্লাইটগুলোও ক্ষতির মুখে পড়েছে।
তিনি জানান, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইট। এ ছাড়াও রয়েছে রিয়াদ এয়ারওয়েজের ২৫টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি ফ্লাইটে। এ ছাড়া রয়েছে এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইট পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে সরাসরি ও ট্রানজিট- উভয় ধরনের যাত্রীদের ভ্রমণসূচিতে প্রভাব পড়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত মোট ১৮৯টি ফ্লাইট এবং ২৩ হাজার ২৭৪ জন যাত্রী এ পরিস্থিতির কারণে ক্ষতির মুখে পড়েছেন।
এসআইপি