বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩২, ১৬ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
এক দশকেরও বেশি সময় পর কানাডায় শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে কানাডার মন্ট্রিলে আইকাওর সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থার মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন।
‘বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবর্তনশীল বিশ্বে সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে বিমান পরিবহন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ, বিশ্বব্যাপী যোগাযোগ সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবর্তিত পরিস্থিতিতে এ খাতের সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে।
এতে আইকাওর ১৯৩টি সদস্য রাষ্ট্রের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ২০১৩ সালে ষষ্ঠ বিশ্ব বিমান পরিবহন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে সংস্থাটি।
সম্মেলনের প্রথম দিনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ২০৫০ সাল পর্যন্ত বিশ্ব বিমান পরিবহন শিল্পের সম্ভাব্য পরিবর্তন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার প্রস্তুতি। এ নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বিমান চলাচলের বর্তমান অবস্থা, যাত্রীসেবা, শিল্পের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।
এ ছাড়া এয়ার ট্রান্সপোর্ট অ্যাকশন গ্রুপ এবং আন্তর্জাতিক বিমানবন্দর, আকাশপথে চলাচল নিয়ন্ত্রণ ও বিমান সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের সম্ভাবনার কারণে বিমান পরিবহন খাতের উন্নয়ন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন উড়োজাহাজ সংগ্রহ এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে দেশের আকাশপথের যোগাযোগ আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য আইকাওর সম্মেলনকে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আইকাওর বিমান নিরাপত্তা নিরীক্ষায় বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির বিষয়টি উঠে এসেছে। এই অগ্রগতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াতে চায় সরকার।
এদিকে, সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাওর সদর দপ্তরে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওই অধিবেশনে নতুন চারটি সদস্য রাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে।
সম্মেলনের শেষ পর্যায়ে সদস্য রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে।
এসআইপি