স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন, যা বলছে নীতিমালা

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১০:০৭, ২৮ নভেম্বর ২০২৬

স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন, যা বলছে নীতিমালা

ছবি সংগ্রহীত

প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন শুরুর সময় ঘনিয়ে আসতেই অভিভাবকদের মধ্যে একাধিক আবেদন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করা যাবে, নাকি একাধিক আবেদনের সুযোগ থাকবে—এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।


অনেকে দাবি করছেন, এবার একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে বেসরকারি স্কুলে মাত্র একটি আবেদন করা যাবে। এতে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিপত্রে এমন কোনো বিধি-নিষেধ পাওয়া যায়নি।

 
গত ১০ নভেম্বর প্রকাশিত ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্র অনুযায়ী, প্রথম শ্রেণিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করা যাবে।


দুই শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট নির্বাচন করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।
অর্থাৎ পাঁচটি বিদ্যালয় পছন্দের সীমা প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। একজন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যা পাঁচে সীমাবদ্ধ করার কথা বলা হয়নি।


একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতাও নেই।
এদিকে আবেদন সীমিত করা হলে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি তুলনামূলক কম চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠানে আসন খালি থাকার আশঙ্কা রয়েছে। এতে ভর্তি কার্যক্রমে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।

 
মাউশির সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।


আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে অভিভাবকদের সরকারি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন