দ্য রিপোর্ট ডেস্ক
প্রকাশ: ১১:২৪, ২৯ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দলের সমঝোতায় সরকার গঠিত হলে প্রথম মেয়াদে আইজেনকটকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতেও রাজি আছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রস্তাব দেন নেতানিয়াহু। খবর রয়টার্সের।
বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকট যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন, তখনই এমন প্রস্তাব দিলেন নেতানিয়াহু। সম্ভাব্য জোটসঙ্গীদের সঙ্গে আইজেনকটের সমঝোতার অগ্রগতিতে রাজনৈতিক চাপ বেড়েছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতার ওপর।
গত ২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। পরে ৮ নভেম্বর আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ সদস্যের সমর্থন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠন করতে হবে আইজেনকটকে। তবে প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
চলতি সপ্তাহে বামপন্থি দল দ্য ডেমোক্র্যাটস ও ডানপন্থি দল ইসরায়েল বেইতেনুর সঙ্গে জোট গঠনের চুক্তি করেছেন আইজেনকট। এই দুই দলের সমর্থন তাকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও কাছাকাছি নিয়ে যেতে পারে।
এমন পরিস্থিতিতে নিজের দল লিকুদ ও আইজেনকটের ইয়াশার পার্টির সমন্বয়ে ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, প্রথমে আইজেনকট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পরে সেই দায়িত্ব নেবেন নেতানিয়াহু।
বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ঐক্যের সরকারের নেতৃত্ব তারই দেয়া উচিত বলে মনে করেন তিনি। তবে দেশের অস্তিত্বের প্রতি হুমকির মাত্রা এবং সেই হুমকি মোকাবিলায় অক্ষম কোনো সরকার গঠনের আশঙ্কা বিবেচনায় নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি আছেন তিনি। একজন নেতা হিসেবে দায়িত্ববোধ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নেতানিয়াহু।