চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ

বাংলাদেশসহ ১৪ দেশ থেকে পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২১:২৩, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশসহ ১৪ দেশ থেকে পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাবে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশসহ বাকি দেশগুলোর পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি এবং এর মাধ্যমে বিশ্ববাণিজ্যে ভারসাম্যহীনতা সৃষ্টির অভিযোগে এ উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর বিবিসির।

আলোচিত ‘সেকশন ৩০১’-এর আওতায় প্রায় আট মাসের তদন্ত শেষে এ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।

বুধবার (২৫ নভেম্বর) মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশভিত্তিক শুল্কের সুনির্দিষ্ট হার জানানোর কথা রয়েছে। তবে আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর শুল্ক আরোপের কোনো প্রস্তাব দেয়নি সংস্থাটি।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন শুল্কের আওতায় রয়েছে চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, এসব দেশ ও বাণিজ্যিক অংশীদার উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ইউএসটিআরের সংজ্ঞা অনুযায়ী, কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা হলো এমন একটি পরিস্থিতি, যেখানে কোনো দেশ চাহিদা ও বাজারনীতির বাস্তবতা বিবেচনা না করে উৎপাদন ও শিল্প সক্ষমতা বাড়িয়ে যায়। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ ও বাণিজ্যে ভারসাম্যহীনতা তৈরি হয় বলে মনে করে যুক্তরাষ্ট্র।

এদিকে চীনের পণ্যের ওপর প্রস্তাবিত অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছেন আরেক মার্কিন কর্মকর্তা। ট্রাম্পের প্রথম মেয়াদে চীনা পণ্যের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কের অতিরিক্ত হিসেবে এটি কার্যকর হতে পারে।

এর আগে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাইয়ে ৬০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে নতুন প্রস্তাবিত শুল্কের সঙ্গে ওই শুল্ক যুক্ত হবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তবে নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় স্বাক্ষরিত বিভিন্ন বাণিজ্য চুক্তির শর্তও বিবেচনায় রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এসব চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, নতুন শুল্ক আরোপের ফলে তা অতিক্রম করা হবে না।

নতুন এ উদ্যোগ কার্যকর হলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের জন্য শুল্কের চূড়ান্ত হার, কার্যকরের সময় এবং বিদ্যমান বাণিজ্য চুক্তির শর্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এসআইপি/দ্যরিপোর্ট২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন