দ্য রিপোর্ট ডেস্ক
প্রকাশ: ১৮:০০, ২৭ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যাতে মিয়ানমারের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কেড়ে নেয়, সেজন্য আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর আহ্বান স্থানীয় রপ্তানি খাতে তীব্র আলোড়ন তুলেছে। মিয়ানমারের ব্যবসায়ী ও কারখানা পরিচালকরা সতর্ক করেছেন, এ সুবিধা প্রত্যাহার করা হলে দেশটির তৈরি পোশাক শিল্প ও লাখ লাখ শ্রমিকের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
ইইউ নেতাদের কাছে ২৪ নভেম্বর পাঠানো এক চিঠিতে ইন্ডাস্ট্রিঅল ইউরোপ ও ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন মিয়ানমারের ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) বাণিজ্য অগ্রাধিকার বাতিল এবং ইইউর অর্থায়নে পরিচালিত ‘মেড ইন মিয়ানমার’ কর্মসূচি বন্ধ করার আহ্বান জানায়।
ইন্ডাস্ট্রিঅল ইউরোপ ও ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন ১৪০টির বেশি দেশে ৫ কোটির বেশি শিল্প ও তৈরি পোশাক শ্রমিকের প্রতিনিধিত্ব করে।
উভয় সংগঠনই ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছে।
ইবিএ সুবিধার আওতায় মিয়ানমারসহ স্বল্পোন্নত দেশগুলো অস্ত্র ও গোলাবারুদ ছাড়া সব রপ্তানি পণ্যে ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়।
ইউরোপের সঙ্গে মিয়ানমারের বার্ষিক ৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যের মূল ভিত্তি এ ব্যবস্থা। অন্যদিকে, ‘মেড ইন মিয়ানমার’ ইইউ সমর্থিত একটি উদ্যোগ, যার লক্ষ্য মিয়ানমারের তৈরি পোশাক খাতে শ্রমের মান ও কর্মপরিবেশ উন্নত করা।
মিয়ানমারের স্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারকরা জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রমিক গোষ্ঠীগুলো বহু বছর ধরেই মিয়ানমারের ইবিএ সুবিধা বাতিলের চাপ দিয়ে আসছে। তবে তারা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ এমন একটি খাতকে ধ্বংস করে দিতে পারে, যার ওপর লাখ লাখ মানুষ নির্ভরশীল।
একজন পোশাক কারখানা পরিচালক বলেন, ইইউ যদি এ সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেয়, তবে আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে। আমরা আর একটিমাত্র রপ্তানি গন্তব্যের ওপর নির্ভর করতে পারব না।
শ্রমিক সংগঠনগুলোর যুক্তি হলো, ইবিএ ও ‘মেড ইন মিয়ানমার’ কর্মসূচি একটি অবৈধ সামরিক শাসনের তহবিলে রাজস্ব যেতে সহায়তা করে, তাই এগুলো প্রত্যাহার করা উচিত। এসব আহ্বানে ইইউ এখনো কোনো সাড়া দেয়নি।
তবে মিয়ানমারের স্থানীয় কারখানার মালিকদের মতে, অভ্যুত্থানের পর থেকে এ খাতের সংকটের পেছনে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর ভূমিকাই বেশি। এর মধ্যে রয়েছে– বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, উৎপাদন খরচ বৃদ্ধি, কাঁচামালের ঘাটতি এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) কালোতালিকায় মিয়ানমারের অন্তর্ভুক্তির পর আর্থিক লেনদেনে জটিলতা।
আগামী মার্চে শেষ হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরে মিয়ানমার তৈরি পোশাক খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু খাত সংশ্লিষ্টদের মতে, সেই লক্ষ্য ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।
ইয়াঙ্গুনভিত্তিক এক তৈরি পোশাক ব্যবসায়ী বলেন, আর মাত্র কয়েক মাস বাকি, অথচ আমরা লক্ষ্যমাত্রার অর্ধেকও ছুঁতে পারিনি।
মিয়ানমারের তৈরি পোশাক খাতে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ শ্রমিক কাজ করেন, যাদের বেশিরভাগই নারী। আর এ খাত মূলত ‘কাট-মেক-প্যাক’ (সিএমপি) মডেলের ওপর নির্ভরশীল, যেখানে বিদেশি ব্র্যান্ডগুলো কাঁচামাল প্রক্রিয়াজাত করার জন্য কারখানাগুলোকে অর্থ দেয়। রপ্তানির বড় অংশই যায় জাপান ও ইইউতে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের আগে মিয়ানমারের তৈরি পোশাক রপ্তানির ৭০ শতাংশের বেশি যেত ইইউতে। ক্রেতারা অন্যান্য দেশে উৎপাদন স্থানান্তর করতে শুরু করার পর সেটি কমে প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে।
খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, এইচঅ্যান্ডএমের মতো বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের সরবরাহকারীসহ ২০টির বেশি ক্রেতা প্রতিষ্ঠান এ বছর হয় কারখানা বন্ধ করেছে, নয়তো মিয়ানমার ছাড়ার পরিকল্পনা করছে।
মিয়ানমার গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এমজিএমএ) যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করার জন্য ইইউর প্রতি আহ্বান জানিয়েছে। তাদের সতর্কবার্তা, আরও বড় বাণিজ্য নিষেধাজ্ঞা রপ্তানি খাতকে আরও দুর্বল করতে পারে এবং পুরো শিল্পজুড়ে কর্মসংস্থান ঝুঁকির মুখে ফেলতে পারে।
সূত্র: দ্য ইরাবতী