৩০ নভেম্বর কনসেশন চুক্তি স্বাক্ষর

১৫ বছরের চুক্তিতে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আসছে জাপানি কনসোর্টিয়াম

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৮, ২৯ নভেম্বর ২০২৬

১৫ বছরের চুক্তিতে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আসছে জাপানি কনসোর্টিয়াম

ছবি সংগ্রহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে টার্মিনালের নির্ধারিত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। আর হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ আন্তর্জাতিক ফ্লাইট ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় বেবিচকের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা, আর্থিক স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করেই চুক্তির শর্ত নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা চালুর লক্ষ্য রয়েছে। পরবর্তী ছয় মাসের মধ্যে অর্থাৎ হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।

**১৫ বছর মেয়াদি চুক্তি, রাজস্বের ২৭ শতাংশ পাবে বেবিচক**

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনালের কনসেশন মেয়াদ হবে ১৫ বছর। তবে এ মেয়াদ গণনা শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে।

চুক্তির আওতায় পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে প্রদান করবে। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।

এ ছাড়া বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি, বহির্গামী যাত্রীপ্রতি এমবার্কেশন ফি এবং লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়ার মতো নন-এরোনটিক্যাল আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও রয়্যালটি প্রদানের বিধান রাখা হয়েছে।

**পরিচালনার দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানের, নিয়ন্ত্রণ থাকবে বেবিচকের হাতে**

চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালুর দায়িত্বও থাকবে তাদের ওপর। পাশাপাশি বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণ করতে হবে।

তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংশ্লিষ্ট কার্যক্রম বেবিচকের হাতেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং বিমান চলাচল কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। বিমানবন্দরের নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী ও কার্গো পরিবহনের নিয়ন্ত্রণও থাকবে বেবিচকের অধীনে। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে সব শিডিউল আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য নন-শিডিউল ফ্লাইট পরিচালনায় ব্যবহার করতে পারবে বেবিচক।

**যাত্রীসেবার মান নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমা**

তৃতীয় টার্মিনালে যাত্রীদের ভোগান্তি কমাতে চুক্তিতে সেবার মান ও কার্যসম্পাদনের নির্দিষ্ট সূচক (KPI) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাগেজ সরবরাহের সময় বিশেষ গুরুত্ব পেয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়র বেল্টে পৌঁছাতে হবে। ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ ব্যাগেজ সরবরাহ করতে হবে ৪২ দশমিক ৫ মিনিটের মধ্যে। ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে এ সময়সীমা ৪৭ দশমিক ৫ মিনিট।

চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমাতেও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (BHS), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (CUPPS), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (CUSS) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (FIDS) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।

পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোকসজ্জা, লিফট ও এসকেলেটরের সচলতা, চেক-ইন, ব্যাগেজ সরবরাহ, কার্গো হ্যান্ডলিং এবং গাড়ি পার্কিংসহ সব ধরনের সেবার মান নিশ্চিত করার দায়িত্ব থাকবে পরিচালনাকারী প্রতিষ্ঠানের।

নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।

**বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রী সেবার সক্ষমতা**

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২ লাখ ৩০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত। আধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন এ টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

যাত্রীদের দ্রুত সেবা দিতে এখানে রয়েছে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার। এ ছাড়া রয়েছে ১৬টি স্বয়ংক্রিয় ব্যাগেজ কনভেয়র বেল্ট, ১২টি বোর্ডিং ব্রিজ এবং উড়োজাহাজ রাখার জন্য ২৫টি রিমোট পার্কিং বে।

নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্যানিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। যাত্রীদের চলাচল সহজ করতে ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফটের পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

**চার গুণ বাড়বে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা**

যাত্রীসেবার পাশাপাশি আন্তর্জাতিক পণ্য পরিবহনেও বড় পরিবর্তন আনবে তৃতীয় টার্মিনালের নতুন কার্গো অবকাঠামো। ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

নতুন এ দুটি টার্মিনালের মাধ্যমে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে। অর্থাৎ বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা আগের তুলনায় চার গুণ বাড়বে বলে জানিয়েছে বেবিচক।

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ করা হবে। এসব প্রতিষ্ঠান এবং সেলফ হ্যান্ডলিংকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তৃতীয় টার্মিনাল নিয়ে দেশের মানুষের যে স্বপ্ন ও প্রত্যাশা তৈরি হয়েছে, তার বাস্তব প্রতিফলন ঘটাতে বেবিচক প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বিমানযাত্রা নিশ্চিত করতে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গঠনমূলক পরামর্শ ও জনসচেতনতা তৈরির ভূমিকা গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বেবিচক চেয়ারম্যান ও অন্যান্য সদস্য তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন