জাজিরায় নিষিদ্ধ আ.লীগের ভাঙচুর-অগ্নিসংযোগ, এক্সপ্রেসওয়ে অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১১:২২, ২৯ নভেম্বর ২০২৬

জাজিরায় নিষিদ্ধ আ.লীগের ভাঙচুর-অগ্নিসংযোগ, এক্সপ্রেসওয়ে অবরোধ

ছবি সংগ্রহীত

শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকশ ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থল ভাঙচুর এবং প্রায় ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে তারা।


এ ছাড়া নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিকেনগর আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী এমন তাণ্ডব চালান।


পরে তারা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়।

এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

এদিকে, অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
 

আরও পড়ুন