দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪, ২৯ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো কমতে শুরু করেছে তাপমাত্রা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শীতেরও বৈচিত্র্যময় আবহাওয়া দেখছেন প্রান্তিক জনপদটির বাসিন্দারা।
দিনের ঝলমলে রোদ আর শীত অনুভূত হচ্ছে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত। সকালে সময় মতই মিলছে সূর্যের দেখা।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গত ১ সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছিল বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এদিকে সরেজমিনে দেখা গেছে, কখনো কুয়াশার চাদরে ঢাকা পড়লেও- অধিকাংশ দিনেই কুয়াশাবিহীন ছিল এ জনপদ।
তবে শীতের আবহে উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হীন ঠান্ডা বাতাস সন্ধ্যা থেকে অনুভূত হতে দেখা যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বাংলানিউজকে বলেন, ১১ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে এসে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, আকাশে জলীয়বাষ্পের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই সকালে কুয়াশা কম থাকলেও, তাপমাত্রা অনেকটা নিচে নেমে এসেছে। আগামী ডিসেম্বরে তাপমাত্রার পারদ আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।