দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৮, ২৭ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
বছরজুড়ে খেলাধুলার আয়োজন ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে দেওয়া হবে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার।
ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি থাকবে এই ক্যালেন্ডারে।
সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নিজের বক্তব্যের শুরুতেই আমিনুল বলেন, ‘আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়।
’
দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে বলে মনে করেন আমিনুল হক। সিলেটের এই ফুটবল আয়োজনকে সেই পরিবর্তনেরই প্রমাণ হিসেবে দেখছেন তিনি।
নিজের ফুটবল জীবনের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই আমার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। সিলেটের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে।’
এ সময় একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও স্মরণ করেন তিনি।
বর্তমান সরকারের নয় মাস পূর্তির প্রসঙ্গ টেনে আগামী পাঁচ বছরে ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তনের আশাবাদ জানান আমিনুল, ‘ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে।’
সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসকের উদ্দেশে তিনি বলেন, ‘সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন।’
পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।