রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৩, ২৭ নভেম্বর ২০২৬

রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ

ছবি সংগ্রহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত রিট নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিতে পদত্যাগ করা হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নাইমা হায়দারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে।


প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন।

একই সঙ্গে দুই আইনজীবীকে আপাতত আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে।


প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে ২০২০ সালের একটি রিটে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০২৩ সালের ৯ আগস্ট রায় দেন। এ ছাড়া প্রাথমিকের শিক্ষক নিয়োগসংক্রান্ত আরও কয়েকটি রিট হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন সময়ে রায় দেওয়া হয়।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ৯ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করে।

অন্যগুলোর ক্ষেত্রে পৃথক লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে।
আপিল শুনানিতে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে রিট আবেদনগুলোর শুনানির ক্ষেত্রে কিছু অনিয়ম ও অসংগতির বিষয় আদালতের নজরে আনে সরকারপক্ষ। ১৯টি রিট আবেদনের নথিপত্র পর্যালোচনা করে আদালত কিছু অসংগতি ও অনিয়ম দেখতে পান। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি আপিল বিভাগে বিস্তারিত প্রতিবেদন দাখিল করে।

এর মধ্যে ৯টি মামলায় গুরুতর অসংগতি ও অনিয়ম শনাক্ত করা হয়েছে। এসব মামলায় শুনানি পরিচালনাকারী আইনজীবী ছিলেন মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন।

বৃহস্পতিবার আপিল বিভাগ দুই আইনজীবীর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দুই আইনজীবীকে আপাতত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখার আদেশ দিয়েছেন আদালত।

অন্যদিকে, বিচারপতি নাইমা হায়দারকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী আদেশের জন্য বিষয়টি আগামী ৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় আসবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে প্রাথমিক তদন্ত চলাকালে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।
 

আরও পড়ুন