দ্য রিপোর্ট স্পোর্টস
প্রকাশ: ১১:১০, ১৬ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
শক্তিশালী ফ্রান্সকে আগের ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল ইতালি। কিন্তু পরের ম্যাচেই বেলজিয়ামের কাছে বড় ব্যবধানে হেরে নেশনস লিগ থেকে বিদায় নিতে হলো আজ্জুরিদের।
ম্যাচের এক পর্যায়ে মাত্র ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইতালিকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বেলজিয়াম। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মার্ক ফন বোমেলের দল।
রোববার নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। একই সময়ে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্রান্স।
ছয় ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩, বেলজিয়ামের ১২ এবং ইতালির ১০। ছয় ম্যাচের সবকটিতে হেরে তলানিতে থেকে বিদায় নিয়েছে তুরস্ক।
ব্রাসেলসে ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বেলজিয়ামের গোলরক্ষক সেনে ল্যামেন্স শুরুতেই দুটি দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। এরপর প্রতি-আক্রমণ থেকে ফ্রান্সেসকো পিও এস্পোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। চার্লস ডি কেটেলারের দারুণ পাস থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান ম্যাক্সিম ডি কুইপার। এরপর নাথান এনগয়ের জোরালো শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। অল্প সময়ের মধ্যেই জেরেমি ডোকুর ব্যক্তিগত নৈপুণ্যের গোলে ব্যবধান আরও বাড়ে। মাত্র ১১ মিনিটের এই ঝড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় বেলজিয়াম।
বিরতির আগে কেভিন ডি ব্রুইনার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বেলজিয়াম। ইউরি তিলেমানসের পাস থেকে ডি ব্রুইনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ডি কেটেলারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। পরে ডি ব্রুইনার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
ম্যাচের শেষ দিকে আরও কয়েকটি আক্রমণ করলেও পেনাল্টির আবেদনসহ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। অন্যদিকে গ্রুপের শীর্ষে থেকে মাঠে নামলেও এই হারে তৃতীয় স্থানে নেমে নেশনস লিগ থেকে বিদায় নিতে হলো ইতালিকে।
এদিকে তুরস্কের বিপক্ষে কঠিন লড়াইয়ের পরও ২-১ গোলের জয় পেয়েছে ফ্রান্স। বোর্দোতে প্রথমার্ধে বেশির ভাগ সময় বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে মাইকেল ওলিসের শট ঠেকিয়ে দেন তুরস্কের গোলরক্ষক ওজার। অফসাইডের কারণে বাতিল হয় কিলিয়ান এমবাপের একটি গোলও।
বিরতির পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। তুরস্কের ডিফেন্ডার এমিরহান তোপচু নিজেদের জালে বল পাঠালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আর্দা গুলের কাছ থেকে তুরস্ক সমতায় ফেরার গোল পেয়েছিল বলে মনে হলেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় সেটি বাতিল হয়।
ম্যাচের এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর একাধিক পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। রাবিও ও বারকোলাকে তুলে এদুয়ার্দো কামাভিঙ্গা ও এলি জুনিয়র ক্রুপিকে নামান তিনি। কোচের সেই সিদ্ধান্ত কাজে লাগে। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে রায়ান চেরকির পাস থেকে গোল করে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা ক্রুপি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে আব্দুলকেরিম বারদাকসি তুরস্কের হয়ে এক গোল শোধ করেন। তবে তাতে হার এড়ানো যায়নি। ২-১ গোলের জয় নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স।