লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৬, ৯ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

 

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকার মানছুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার বাবুল (৬৫) ও রামগতি উপজেলার আশিক। দুর্ঘটনায় নিহত মানছুরা বেগমের স্বামী ছিদ্দিকুর রহমানও আহত হয়েছেন।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও তিনি গতি কমাননি। একপর্যায়ে বাসটি সড়কে উল্টে পড়ে।

 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন