নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য রিপোর্টের পারুল

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ০১:২৭, ২৫ নভেম্বর ২০২৬

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য রিপোর্টের পারুল

ছবি : সংগৃহীত

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন অনলাইন সংবাদমাধ্যম দ্য রিপোর্ট২৪ ডটকমের বিশেষ প্রতিবেদক সাজিদা ইসলাম পারুল। জনস্বাস্থ্যের নীরব সংকট, অব্যবস্থাপনা ও অদৃশ্য বিপর্যয় নিয়ে প্রকাশিত তার পাঁচ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন সিরিজ ‘জনস্বাস্থ্য: নীরব বিপর্যয়’ শীর্ষক ৫টি প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাজিদা ইসলাম পারুলের হাতে পুরস্কার তুলে দেন।

‘জনস্বাস্থ্য: নীরব বিপর্যয়’ শিরোনামে প্রকাশিত পাঁচ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন সিরিজে দেশের জনস্বাস্থ্য খাতের বিভিন্ন সংকট, প্রস্তুতির ঘাটতি, রোগ প্রতিরোধ কার্যক্রমের স্থবিরতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা তুলে ধরা হয়।

সিরিজের প্রতিবেদনগুলো হলো- ‘প্রস্তুতি নেই, নতুন রোগের আশঙ্কা’, ‘নির্মূলের স্বীকৃতি ঝুঁকিতে, কার্যক্রম স্থবিরতায় ফিরতে পারে কালাজ্বর’, ‘নজরদারি বন্ধ, বাড়ছে গোপন রোগ ফেরার শঙ্কা’, ‘প্রতিরোধমূলক কর্মসূচিতে স্থবিরতা, বড় ঝুঁকিতে শিশুর স্বাস্থ্য’ এবং ‘দুই বছর ধরে বেতনহীন হাজারো কর্মী, ভেঙে পড়ছে সিডিসির কাঠামো’।

সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার, ফেলোশিপ ও সম্মাননা অর্জন করেছেন সাজিদা ইসলাম পারুল। তার অর্জনের তালিকায় নতুন সংযোজন হলো ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন নগদের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, নগদ প্রশাসক মোতাসিম বিল্লাহ, জুরি বোর্ডের চেয়ারম্যান শামসুল হক জাহিদ, জুরি বোর্ডের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও- এই চার মাধ্যমে মোট ২২টি বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সব গণমাধ্যমের সাংবাদিকদের জন্য উন্মুক্ত দুটি বিষয়ে সেরা প্রতিবেদনকে রাষ্ট্রপতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল জমা পড়া প্রতিবেদন যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করে।

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এবার প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন বিভাগে মোট ২২ জন সাংবাদিক এ পুরস্কার পেয়েছেন।

সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা

সাজিদা ইসলাম পারুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। রাজনৈতিক, স্বাস্থ্য, নারী ও শিশু, উন্নয়ন, সংস্কৃতি, বিমান চলাচল ও অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করেছেন তিনি।

বর্তমানে তিনি ২০২৬ সালের ৫ নভেম্বর থেকে দ্য রিপোর্ট২৪ ডটকমে বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলানিউজ২৪ ডটকমে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে বিমান চলাচল, অভিবাসন ও স্বাস্থ্য বিটে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের মে থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ১০ বছর দৈনিক সমকালে স্টাফ রিপোর্টার হিসেবে নারী ও শিশু, সংস্কৃতি এবং সিটি করপোরেশন বিটে কাজ করেছেন তিনি। এর আগে ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত দ্য রিপোর্ট২৪ ডটকমে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের মে পর্যন্ত দৈনিক আলোকিত বাংলাদেশে উন্নয়ন বিটে, ২০১০ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক ডেসটিনিতে স্বাস্থ্য ও সংস্কৃতি বিটে এবং ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের ১২ এপ্রিল পর্যন্ত দৈনিক যায়যায়দিনে স্বাস্থ্য বিটে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।

এরও আগে ২০০৮ সালের অক্টোবর থেকে ২০০৯ সালের আগস্ট পর্যন্ত দৈনিক দিনের শেষে বিএনপি বিটে এবং ২০০৪ সালের মার্চ থেকে ২০০৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক দেশবাংলায় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষা ও পেশাগত স্বীকৃতি

সাজিদা ইসলাম পারুল ঢাকা ইডেন কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০৮ সালে বিএসএস এবং ২০১১ সালে এমএসএস সম্পন্ন করেন। এ ছাড়া ২০০২ সালে তেজগাঁও কলেজ থেকে এইচএসসি এবং ২০০০ সালে ফজলুল হক বিদ্যানিকেতন থেকে এসএসসি পাস করেন।

সাংবাদিকতায় পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জে সেরা সংবাদ প্রতিবেদন বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, ২০২১ সালে মানুষের জন্য ফাউন্ডেশনের ফেলোশিপ এবং ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ৫ বছর পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া ২০২০ সালে পরিবার পরিকল্পনা মিডিয়া ফেলোশিপ লাভ করেন।

২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফিচারভিত্তিক সংবাদ সংস্থা নিউজ নেটওয়ার্কের ফেলো হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়া পিআইবি-যাত্রী অ্যান্টি-জার্নালিজম অ্যাওয়ার্ডের আওতায় ফেলোশিপ, চাইল্ড সাইট ফাউন্ডেশনের ফেলোশিপ এবং যুক্তরাষ্ট্রের লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল থেকে বিশেষ পুরস্কার ও স্বীকৃতিসনদ অর্জন করেন।

সাংগঠনিক কর্মকাণ্ড

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সংগঠনে নেতৃত্ব ও সাংগঠনিক দায়িত্ব পালন করছেন সাজিদা ইসলাম পারুল। তিনি ব্রাহ্মণবাড়িয়া জার্নালিস্টস ফোরাম, ঢাকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারীবিষয়ক সম্পাদক এবং ২০১৫ সালে সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।

২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ২, বাংলাদেশের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তেজগাঁও কলেজ কন্টিনজেন্টে সার্জেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাজিদা ইসলাম পারুল। ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন। এ ছাড়া বাংলাদেশ শুটিং অ্যাসোসিয়েশনের অধীনে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুটিং কার্যক্রমেও অংশ নিয়েছেন।

বর্তমানে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে পেশাগত ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
 

জেডআই/দ্যরিপোর্ট২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন