ভুল ওষুধে থমকে গেল নুসরাতের শৈশব

সাজিদা ইসলাম পারুল, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২১:০১, ২৫ নভেম্বর ২০২৬

ভুল ওষুধে থমকে গেল নুসরাতের শৈশব

ছবি : সংগৃহীত

মেয়ের অসুস্থতা সারাতে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে ওষুধ কিনতে গিয়েছিলেন মা। চেয়েছিলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাইয়ে মেয়েকে সুস্থ করে তুলতে। কিন্তু পরিবারের অভিযোগ, ওষুধের দোকান থেকে ব্যবস্থাপত্রে লেখা ওষুধের পরিবর্তে দেওয়া হয় অন্য ওষুধ। দোকানির কথায় বিশ্বাস করে মেয়েকে সেই ওষুধ খাওয়ানোর পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১২ বছরের শিশু নুসরাত জান্নাতী। একপর্যায়ে জীবন বাঁচাতে তাকে ভর্তি করতে হয় খুলনার হাসপাতালে। টানা ১১ দিন থাকতে হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। মেয়ের চিকিৎসায় পরিবারের ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো কাটেনি শঙ্কা। পরিবারের দাবি, ওই ওষুধ সেবনের পর নুসরাতের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি নড়াইলের লোহাগড়া উপজেলার। এ ঘটনায় লোহাগড়া বাজারের মোল্যা মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের বিরুদ্ধে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছে নুসরাতের পরিবার। এ ঘটনায় দোকান মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন শিশুটির মা মেহেরুন নেছা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নুসরাত লোহাগড়া উপজেলার নারানদিয়া গ্রামের মো. নাসিরুল ও মেহেরুন নেছার মেয়ে। গত ১৯ অক্টোবর মেয়ের চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে লোহাগড়া বাজারের মোল্যা মেডিকেল স্টোরে যান মেহেরুন নেছা। দোকানটির স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানের কাছে ব্যবস্থাপত্রে লেখা ‘MEDROXY-10MG’ ওষুধটি আছে কি না জানতে চান তিনি।

মেহেরুন নেছার অভিযোগ, দোকানি ওষুধটি আছে বলে জানান। তবে ব্যবস্থাপত্রে লেখা ওষুধের পরিবর্তে তাকে ‘METHOX-10MG’ দেন। এ সময় দুটি ওষুধ একই বলে আশ্বস্ত করেন দোকানি।

ওষুধ সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকায় দোকানির কথায় বিশ্বাস করেন মেহেরুন নেছা। পরে ওষুধটি বাড়িতে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেয়েকে খাওয়াতে থাকেন। কিন্তু কিছুদিনের মধ্যেই নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।

গত ৩১ অক্টোবর নুসরাতকে লোহাগড়া ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে খুলনা কমিউনিটি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরিবারের দাবি, টানা ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল নুসরাত। এ সময় মেয়ের জীবন বাঁচাতে চিকিৎসার পেছনে একের পর এক অর্থ ব্যয় করতে হয়েছে তাদের। মেহেরুন নেছা জানান, ১৩ নভেম্বর পর্যন্ত মেয়ের চিকিৎসায় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা খরচ হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি সে।

মেহেরুন নেছার ভাষ্য অনুযায়ী, হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সংশ্লিষ্ট ওষুধ সেবনের পর নুসরাতের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাকে ছয় মাসের ওষুধ সেবনের পাশাপাশি প্রতি সপ্তাহে একবার প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণ ও বিচারের দাবি পরিবারের

মেয়ের চিকিৎসার ব্যয়, দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতার আশঙ্কা এবং ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নুসরাতের মা-বাবা। তাদের অভিযোগ, ওষুধের দোকানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দেওয়ার কারণেই তাদের মেয়েকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর লোহাগড়া বাজার বণিক সমিতির পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মেহেরুন নেছা। অভিযোগে মোল্যা মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মেয়ের চিকিৎসায় হওয়া আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে মোল্যা মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ওষুধ বিক্রিতে সতর্কতা কতটা জরুরি?

নুসরাতের এ ঘটনা ওষুধ বিক্রির ক্ষেত্রে দায়িত্বশীলতা ও যথাযথ তদারকির গুরুত্ব নতুন করে সামনে এনেছে। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করা এবং কোনো কারণে বিকল্প ওষুধ দিতে হলে তার উপাদান, মাত্রা ও কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। বিশেষ করে শিশুদের ওষুধের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, একই রকম নাম বা একই মাত্রার ওষুধ হলেই সেগুলোকে এক বা পরস্পরের বিকল্প মনে করার সুযোগ নেই। ওষুধের সক্রিয় উপাদান, মাত্রা ও ব্যবহারের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবস্থাপত্রের ওষুধ পরিবর্তন করা কিংবা ফার্মেসির পরামর্শে বিকল্প ওষুধ সেবন করানো ঝুঁকিপূর্ণ।

কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. দেবশ্রী সাহা দ্য রিপোর্ট-কে বলেন, “শিশুদের ক্ষেত্রে যেকোনো ওষুধ ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন। চিকিৎসকের ব্যবস্থাপত্রে যে ওষুধ লেখা থাকে, তার পরিবর্তে অন্য ওষুধ দেওয়ার আগে অবশ্যই ওষুধের উপাদান, মাত্রা ও কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। একই ধরনের নাম বা একই মাত্রা থাকলেই দুটি ওষুধকে এক মনে করা যাবে না।

তিনি আরও বলেন, বিশেষ করে শিশুদের শরীরের ওজন, বয়স ও শারীরিক অবস্থার ওপর ওষুধের মাত্রা নির্ভর করে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন করা বা ফার্মেসির পরামর্শে বিকল্প ওষুধ সেবন করানো ঝুঁকিপূর্ণ হতে পারে।”

যে বয়সে স্কুল, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে নুসরাতের এখন দিন কাটছে ওষুধ, চিকিৎসা আর নানা পরীক্ষার মধ্য দিয়ে। এদিকে, মেয়ের মুখে আবার আগের মতো হাসি দেখতে চান তার মা-বাবা। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন এবং মেয়ের সম্পূর্ণ সুস্থতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

পরিবারের প্রত্যাশা, নুসরাত দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। একই সঙ্গে তাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ওষুধ বিক্রির ক্ষেত্রে যথাযথ সতর্কতা ও নজরদারি নিশ্চিত করতে হবে।

এসআইপি/দ্যরিপোর্ট২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন