বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০০:০২, ২৬ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
অর্থপাচার প্রতিরোধে কর্মীদের সচেতনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মাহমুদ চৌধুরী। অথচ এর মাত্র দুই দিন পরই ব্যাংকের পর্ষদ সভায় বিতর্কিত একটি জাহাজ আমদানিতে এলসি খোলার প্রস্তাব তোলেন তিনি। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের কমিশনের আশায় অর্থপাচারের সুযোগ তৈরি করে দিতেই এমন উদ্যোগ নিয়েছিলেন এমডি।
জানা গেছে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে গত ১৪ নভেম্বর শ্রীমঙ্গলে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ মাহমুদ চৌধুরী। কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি দেশের আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠা এবং সকল কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
এর দুই দিন পর (১৬ নভেম্বর) ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্ষদ সভা। ওই সভায় ‘মেঘনা পার্ল’ নামের একটি জাহাজ আমদানির জন্য এলসি খোলার অনুমোদনের প্রস্তাব তোলেন রিয়াদ চৌধুরী। অথচ ওই জাহাজটি নিয়ে ইতোমধ্যে অনেক জল ঘোলা হয়েছে। একটি বড় ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের জাহাজ নিজেরাই কিনে আনতে চেষ্টা করেছে বলে কয়েক মাস আগে ওই জাহাজের আমদানি ঋণপত্র (এলসি) বাতিল করেছিল মেঘনা ব্যাংক। সব জেনেশুনে মানি লন্ডারিংয়ের পুরো এক আয়োজন প্রায় সম্পন্ন করে ফেলেছিলেন রিয়াদ চৌধুরী। তবে পর্ষদ সদস্যদের জোরালো ভূমিকার কারণে সেদিন ওই বিতর্কিত জাহাজটি আমদানির এলসি খোলা থেকে ফিরে আসে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।
ব্যাংকটির অভ্যন্তরীণ একটি সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, প্রথমে মেঘনা পার্ল বাল্ক ক্যারিয়ারটির আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল মেঘনা ব্যাংকে। তবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বেশ কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে ওই এলসি বাতিল করে ব্যাংকটি। বিদেশে অনুমোদনহীন কোম্পানি গঠন এবং নিজের মালিকানাধীন জাহাজ নতুন করে আমদানির নামে অর্থপাচারের অভিযোগে মেঘনা গ্রুপের ৩ কোটি ২৬ লাখ ডলারের (প্রায় ৪১০ কোটি টাকা) এলসি বাতিল করা হয়।
বিএফআইইউর অনুসন্ধানে অর্থপাচারের বিষয়টি উঠে আসার পর মেঘনা ব্যাংককে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বিএফআইইউ, মেঘনা ব্যাংক ও মেঘনা গ্রুপের মধ্যে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এলসি বাতিলের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
খাতসংশ্লিষ্টরা বলছেন, মেঘনা ব্যাংকের এলসি বাতিল হলেও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে সেই এলসির অনুমোদনের চেষ্টা ব্যাংকটির এমডির নৈতিক অবস্থান ও অর্থপাচার প্রতিরোধে ব্যাংকটির দৃঢ় অবস্থানের বিপরীত চিত্র তুলে ধরে।
বিএফআইইউর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২৯ মার্চ মেঘনা ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ‘এমভি মেঘনা পার্ল’ নামের একটি বাল্ক ক্যারিয়ার আমদানির জন্য ৩২৫২২৬০১০২২০ নম্বরের এলসি অনুমোদন করা হয়। এতে রপ্তানিকারক ও মূল সুবিধাভোগী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক ‘মেঘনা ট্রেড অ্যান্ড কমার্স পিটিই লিমিটেড’-এর নাম ব্যবহার করা হয়।
তবে আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স, মে ইন্টারন্যাশনাল ও আইএমবির নথি পর্যালোচনা করে বিএফআইইউ দেখতে পায়, এলসি খোলার অনেক আগে থেকেই জাহাজটির মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল মেঘনা গ্রুপের হাতে।
লয়েডসের তথ্য অনুযায়ী, পানামায় নিবন্ধিত ‘সিএমবি ব্রুয়েগেল’ নামের জাহাজটি ২০১৯ সালের অক্টোবর থেকেই মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের পরিচালনায় ছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৭ এপ্রিল থেকে এটি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ হিসেবে চলাচল শুরু করে। ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি জাহাজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মেঘনা পার্ল’।
বিএফআইইউর অনুসন্ধানে উঠে এসেছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে কোম্পানি গঠন করে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের মালিকানাধীন জাহাজ নতুন করে আমদানি দেখানোর চেষ্টা করা হয়েছে। এ প্রক্রিয়ায় ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর অনুসন্ধানের পর মেঘনা ব্যাংকের এলসি বাতিলের নির্দেশ দেওয়া হয়।
এখন সেই এলসি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে অনুমোদনের জন্য আনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা যখন দেখলাম যে এলসির ক্ষেত্রে অভিযোগ রয়েছে, তখন আমরা সেখান থেকে সরে এসেছি। আমরা এলসিটা করছি না।’
ব্যাংকটির কর্মকর্তারা জানান, গত জুন মাসে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এরপর থেকে ব্যাংকের ঋণ পোর্টফোলিও বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর আগে ইস্টার্ন ব্যাংকে (ইবিএল) ডিএমডি হিসেবে দায়িত্ব পালনের সময় অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত বছরের ফেব্রুয়ারিতে ইস্টার্ন ব্যাংকসংশ্লিষ্ট ৪৬ জন ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করেন এক ব্যবসায়ী। এদের মধ্যে রিয়াদ মাহমুদ চৌধুরী একজন। ওই সময় ইবিএলের ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধানের দায়িত্বে থাকা মো. জাবেদুল আলমও এই মামলায় অভিযুক্তদের একজন। তিনি বর্তমানে রিয়াদ মাহমুদ চৌধুরীর সঙ্গে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ডিএমডি হিসেবে কর্মরত আছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে।
এর আগে দুদকের অনুসন্ধানের মধ্যেই স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমডির পদ ছাড়তে হয় মো. হাবিবুর রহমানকে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, নতুন এমডিও পূর্বে যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে ব্যাংকটিকে ঝুঁকির মধ্যে ফেলছেন। বিশেষ করে তড়িঘড়ি করে অর্থায়নের কারণে ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
/এমএইচআর