দ্য রিপোর্ট ডেস্ক
প্রকাশ: ০২:০৫, ৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত ব্যক্তিরা তিনটি পরিবারের সদস্য। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।
শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সাতজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কনস্যুলেটের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান, তার দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা। এ ঘটনায় তার স্ত্রী শাকিরা ও আরেক মেয়ে ইউসরা আহত হয়েছেন।
একই গাড়িতে থাকা আলম শাহ তার স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আলম শাহ ও তার ছেলে ফয়সাল।
এ ছাড়া দুর্ঘটনায় আহত ইলিয়াস তার স্ত্রী আফসানা বিবিকে হারিয়েছেন। আহত অন্য ব্যক্তি গফুর আলম।
কনস্যুলেটের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে মোট ১৩ জন বাংলাদেশি ছিলেন। তারা তিনটি পরিবারের সদস্য। তাদের মধ্যে পরিবারের তিন প্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন।
কোম্পানিটির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেটের কর্মকর্তাদের এ তথ্য জানিয়েছেন।
দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। ট্রাফিক বিভাগের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে, দুর্ঘটনার পর হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং আহতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও কনস্যুলেটের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এসআইপি