দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫, ৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লায়ন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া একই সময়ে ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরিসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।
এসআইপি