জামালপুর সংবাদদাতা
প্রকাশ: ১৪:০৭, ৭ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় স্বামী-স্ত্রী ও আট মাসের শিশুকন্যাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাণ গেছে আরও এক ব্যক্তির। আহত হয়েছেন অন্তত তিনজন। শনিবার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী মেয়ে রিফা। নিহত অপর ব্যক্তির নাম শওকত হাসান লিখন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বৈঠামারী বুরুঙ্গা এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও ট্রাকটির চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে শওকত হাসান লিখন নামে আরও একজন মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
এসআইপি