চুয়াডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ: ২৩:২৬, ২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাফিউল ইসলাম (২৩) নামের এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রবিবার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে মো. মিষ্টার (২৮) জামিন পেয়েছেন এবং অপর আসামি সাগর ফকির (৪০) আদালতে হাজির হননি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বিকেলে পুড়াপাড়া এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ও সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের পথরোধ করেন তিন দুর্বৃত্ত। এ সময় লোহার রড দিয়ে হামলা চালিয়ে আব্দুল হান্নানকে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এবং সঙ্গে থাকা ৪২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আব্দুল হান্নান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।