দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৭, ২৭ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে শুধু পরিকল্পনা প্রণয়ন নয়, সেগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, বেসরকারি খাতের উদ্যোগকে বাধাগ্রস্ত না করে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। একই সঙ্গে পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়নে পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাঁচ ও দশ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন কতটা হচ্ছে, তা নিশ্চিত করতে হবে। পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের পর্যটন খাতের দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, পর্যটন গন্তব্য হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অনেক সুযোগ রয়েছে। কিন্তু পর্যটকদের আকৃষ্ট করার মতো আন্তর্জাতিকভাবে পরিচিত আইকনিক স্থাপনা ও পর্যাপ্ত বিনোদনকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে আরও উদ্যোগ প্রয়োজন। কক্সবাজারে গত ১৫ থেকে ২০ বছরে বেশ কিছু হোটেল গড়ে উঠলেও পর্যটকদের সন্ধ্যার সময় কাটানোর জন্য পর্যাপ্ত বিনোদন ও ঘোরাঘুরির জায়গা রয়েছে কি না, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, পর্যটন খাতের উন্নয়নে সরকারেরই প্রথম উদ্যোগ নিতে হবে। বেসরকারি খাত সরকারকে সহযোগিতা করবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে।
এভিয়েশন খাতের সম্ভাবনা তুলে ধরে কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে। আন্তর্জাতিক যাত্রীরা বিভিন্ন দেশে যাতায়াতের পথে ট্রানজিট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে পারেন। তবে এ জন্য বিমানবন্দরে ট্রানজিট যাত্রীদের উপযোগী সুবিধা এবং এয়ারলাইনসগুলোর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি।
তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তাঁর প্রায় ৩০ মিনিট উড়ানের বিপরীতে ২৭ মিনিট ট্যাক্সি করতে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ট্যাক্সি করার কারণে উড়োজাহাজের অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে, যা এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের হিসাব অনুযায়ী, প্রতিটি অভ্যন্তরীণ ফ্লাইটে এটিআর উড়োজাহাজে অতিরিক্ত ৭৫ কেজি, বোয়িং উড়োজাহাজে ৩০০ কেজি এবং এয়ারবাস উড়োজাহাজে ৯০০ কেজি পর্যন্ত জেট ফুয়েল খরচ হচ্ছে। তাঁর মতে, রানওয়ে ব্যবস্থাপনা ও পরিচালনগত সীমাবদ্ধতার কারণে সৃষ্ট এ ধরনের অতিরিক্ত ব্যয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বিমানবন্দরের ভবিষ্যৎ সক্ষমতা নিয়েও পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কামরুল ইসলাম বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণের পাশাপাশি উড়োজাহাজের নিরাপদ ও কার্যকর পরিচালনার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসংখ্যা বাড়ছে। তৃতীয় টার্মিনাল চালু হলে সক্ষমতা আরও বাড়বে। তাই আগামী পাঁচ বছর বা তার পরের চাহিদা বিবেচনায় নিয়ে এখন থেকেই পরিকল্পনা করা জরুরি।
তিনি বলেন, পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে শুধু আলোচনা ও সেমিনার আয়োজন যথেষ্ট নয়; বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে। সরকার পরিবর্তন হলেও উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। দীর্ঘ ২৯ বছরের অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, কার্যকর পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং বাস্তবায়নের ওপর গুরুত্ব দিলে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ সম্ভব। এর মাধ্যমে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদানও বাড়ানো যাবে।