বেক্সিমকোর একচেটিয়া ব্যবসায় ডিটিএইচের বাজার নষ্ট

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

বেক্সিমকোর একচেটিয়া ব্যবসায় ডিটিএইচের বাজার নষ্ট

ছবি সংগ্রহীত

দেশের ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবার বাজারে দীর্ঘদিন একক আধিপত্য বজায় রেখেছে বেক্সিমকো কমিউনিকেশনসের ‘আকাশ’। প্রতিযোগিতার সুযোগ সংকুচিত করে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও বাজারে যুক্ত হতে পারেনি অন্য অপারেটররা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। অব্যবহৃত থেকে গেছে স্যাটেলাইটের বড় অংশের সক্ষমতা, আর প্রতিযোগিতা না থাকায় বিকল্প সেবা থেকেও বঞ্চিত হয়েছেন গ্রাহকরা।

শুধু ডিটিএইচ বাজার নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক পরিকল্পনায়ও শুরু থেকেই ত্রুটি ছিল বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, স্যাটেলাইটের ডাউনলিংক ফ্রিকোয়েন্সি নির্ধারণে পরামর্শক প্রতিষ্ঠানের ভুল নকশা এবং তৎকালীন ক্ষমতাধরদের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে সেবা বিক্রির সম্ভাবনা কাজে লাগানো যায়নি। তবে ৫ আগস্টের পর নতুন ব্যবস্থাপনা দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি পরিবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসসিএল।

অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই) স্যাটেলাইট প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করে। তাদের প্রস্তাবিত ডাউনলিংক ফ্রিকোয়েন্সি নকশা নিয়ে সে সময় প্রশ্ন উঠলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের দাবি, সি ও কেইউ ব্যান্ডের জন্য এমন কিছু ফ্রিকোয়েন্সি নির্ধারণ করা হয়, যা আন্তর্জাতিক বাজারে প্রচলিত ডাউনলিংক যন্ত্রপাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ফলে স্যাটেলাইটের সেবা গ্রহণে বিশেষায়িত যন্ত্রপাতির প্রয়োজন পড়ে, যা ব্যয়বহুল হওয়ায় বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে ওঠেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এ কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মোট সক্ষমতার প্রায় ৬০ শতাংশ এখনো অব্যবহৃত রয়েছে। দেশের বাজারের পাশাপাশি ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সেবা বিক্রির যে সম্ভাবনা ছিল, সেটিও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। নির্মাণ ও উৎক্ষেপণে ব্যয় হয় প্রায় ২ হাজার ৭৬৫ কোটি টাকা। প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশ-বিদেশে স্যাটেলাইটের সক্ষমতা বিক্রি করে বিনিয়োগ তুলে আনা এবং ভবিষ্যতে নতুন স্যাটেলাইট প্রতিস্থাপনের অর্থ সংরক্ষণ ছিল প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

কিন্তু দেশের বাজারে স্যাটেলাইট সেবা বিক্রির ক্ষেত্রেও তৈরি হয় একক আধিপত্যের অভিযোগ। পরিকল্পনা অনুযায়ী, ডিটিএইচ সেবা দিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেঙ্গল কমিউনিকেশনস এবং বেক্সিমকো কমিউনিকেশনসকে যুক্ত করার কথা ছিল। প্রতিটি প্রতিষ্ঠানকে সি-ব্যান্ডের পাঁচটি করে ট্রান্সপন্ডার বরাদ্দ দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত বেক্সিমকোর ‘আকাশ’ বাজারে ব্যবসা শুরু করলেও অন্য দুটি প্রতিষ্ঠান কার্যকরভাবে এ ব্যবসায় যুক্ত হতে পারেনি।

সংশ্লিষ্টদের অভিযোগ, তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বেঙ্গল কমিউনিকেশনসকে ডিটিএইচ ব্যবসা শুরু করতে দেওয়া হয়নি। বিটিভিও এ কার্যক্রম থেকে দূরে থাকে। ফলে বাজারে কার্যত একক অপারেটর হিসেবে ব্যবসা চালিয়ে যায় বেক্সিমকোর ‘আকাশ’।

অভিযোগ রয়েছে, বেক্সিমকো প্রতি মেগাহার্টজ স্যাটেলাইট সক্ষমতা ২ হাজার ৫০০ মার্কিন ডলারে কিনত। অন্যদিকে, বিটিআরসির ল্যান্ডিং রাইটস নীতিমালার কারণে দেশের অভ্যন্তরীণ সেবাগ্রহীতাদের বিদেশি স্যাটেলাইট থেকে সরাসরি সেবা নেওয়ার সুযোগ সীমিত ছিল। এতে ‘আকাশ’ দেশের বাজারে বাড়তি সুবিধা পায়। সংশ্লিষ্টদের মতে, একাধিক অপারেটর থাকলে সেবার দাম কমত এবং গ্রাহকদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হতো।

এদিকে, বিএসসিএলের আর্থিক অবস্থাও দীর্ঘদিন দুর্বল ছিল। অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসান করেছে। বছরে গড়ে অন্তত ৬৬ কোটি টাকা লোকসানের তথ্য পাওয়া গেছে। স্যাটেলাইটের অবচয় বাবদ প্রতিবছর প্রায় ১২০ কোটি টাকার বেশি ব্যয়ও বহন করতে হয় প্রতিষ্ঠানটিকে।

তবে ৫ আগস্টের পর আর্থিক অবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করছে বিএসসিএল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ২৯ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩৮ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানিটি। নতুন ব্যবস্থাপনার দাবি, স্যাটেলাইট সক্ষমতা বিক্রি ও নতুন সেবা সম্প্রসারণের উদ্যোগের ফলে এ ইতিবাচক পরিবর্তন এসেছে।

বিএসসিএলের এক শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর কাছে ব্যান্ডউইথ বিক্রি করা হয়েছে। দেশের সব টেলিভিশন চ্যানেলকে ব্রডকাস্ট সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাবল টেলিভিশন ডিজিটালাইজেশন নিয়ে কাজ চলছে। স্টারলিংকের অনুমোদিত রিসেলারের মাধ্যমেও আয় করছে প্রতিষ্ঠানটি। এআইএস স্যাটেলাইট ২.০-এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়েও ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্যাটেলাইট খাতে দক্ষতা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

ডিটিএইচ বাজারে বেক্সিমকোর একক আধিপত্যের অভিযোগ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, নতুন ব্যবস্থাপনা দায়িত্ব নেওয়ার পর কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। ডিটিএইচ সেবা সবার জন্য উন্মুক্ত করতে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। আগে লাইসেন্স নেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। নতুন করে আগ্রহী কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা চলছে। কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় সরকারি লাইসেন্স নিয়ে এ ব্যবসায় আসতে চাইলে সব ধরনের কারিগরি ও বাণিজ্যিক সহযোগিতা দিতে প্রস্তুত বিএসসিএল।

অতীতে একটি প্রতিষ্ঠান কীভাবে একক ব্যবসার সুযোগ পেয়েছিল, সে বিষয়ে নতুন করে তদন্তের সম্ভাবনা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বিএসসিএলের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রকাশিত শ্বেতপত্র তৈরির প্রক্রিয়ায় অতীতের বিভিন্ন অনিয়মের তথ্য দিয়ে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি। নতুন করে তদন্ত হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার উদ্যোগ নিলে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বিএসসিএল।

এদিকে, ৫ আগস্টের পর বিটিভি পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে কেইউ ব্যান্ড ব্যবহার করে ডিজিটাল ট্রান্সমিশন চালিয়েছে। তবে এটি এখনো বাণিজ্যিক ডিটিএইচ কার্যক্রমে রূপ নেয়নি।

বিদেশি বাজার ধরার চেষ্টাও চালাচ্ছে বিএসসিএল। প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তার ভাষ্য, নেপালের সঙ্গে স্যাটেলাইট সক্ষমতা বিক্রির বিষয়ে আলোচনা চলছে। এর আগে দেশটিতে প্রতি ট্রান্সপন্ডার ১ হাজার ৭০০ মার্কিন ডলার দরে ছয়টি ট্রান্সপন্ডার বিক্রির আলোচনা এগিয়েছিল। তবে তৎকালীন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সময়ে অজ্ঞাত কারণে সেই প্রক্রিয়া আর এগোয়নি।

সব মিলিয়ে রাষ্ট্রীয় অর্থে নির্মিত স্যাটেলাইটের পূর্ণ বাণিজ্যিক সক্ষমতা কাজে লাগানো এবং ডিটিএইচ বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনা এখন বিএসসিএলের সামনে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের একক আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন অপারেটরদের বাজারে আনা সম্ভব হবে কি না, তার ওপরই নির্ভর করছে এ খাতের ভবিষ্যৎ।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে আকাশ ডিটিএইচকে একচেটিয়া ভাবে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছিল। সে কারণে বাজার নষ্ট হয়েছে  গেছে,তাতে করে নতুন করে কোন কোম্পানি  এখন ব্যবসা করতে আসতে চাচ্ছে না। এই অভিযোগকে কিভাবে দেখছে বেক্সিমকো। আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া আকাশ ডিটিএইচ এর বর্তমান ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? বর্তমানে এর সেবাগ্রহীতার সংখ্যা কেমন। এর থেকে কেমন আয় হচ্ছে? বেক্সিমকো গ্রুপের অনেক ব্যবসা প্রতিষ্ঠানেরই এখন বেহাল দশা। এই পরিস্থিতিতে আকাশ ডিটিএইচ এর ভবিষ্যত ব্যবসায়ীক কার্যক্রম নিয়ে কোনো ধরণের আশঙ্কা দেখছেন কি না? এ বিষয়ে বেক্সিমকোর মিডিয়া কমিউনিকেশনের কর্মকর্তা রিয়াজুর রহমানের যোগাযোগ করে দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডটকম। তবে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন