বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
প্রায়ই দেখা যায়, কোন এক প্রথম সারির তরুণ অভিনেতা ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রায় একই সময়ে হয়তো এক তরুণী পড়ুয়াও নিজের ছবি শেয়ার করেছেন। দু’জনের ছবির আবহ, প্রেক্ষাপট একই হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জল্পনা— তবে কি তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন?
এরপরেই সেই আপাতনিরীহ কাকতালীয় ঘটনাই হয়ে ওঠে অন্য এক অভিনেতার প্রচারের হাতিয়ার। সেই তারকার ‘পিআর এজেন্সি’ অর্থাৎ প্রচারের দিকে নজর রাখে যে সংস্থা, তারা যোগাযোগ করে ‘অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট’ বা ‘ওআরএম এজেন্সি’র সঙ্গে। আর সেখান থেকেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘পরিকল্পিত’ প্রচার।
বর্তমানে তারকাদের প্রচারব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ‘ওআরএম এজেন্সি’। আগে যেখানে তাদের কাজ ছিল কোনও তারকার ভাবমূর্তি রক্ষা করা বা সেই তারকা সম্পর্কে ইতিবাচক প্রচার করা, এখন অভিযোগ উঠছে, অনেক ক্ষেত্রে অন্য তারকার ভাবমূর্তি নষ্ট করাও তাদের কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে।
কীভাবে কাজ করে ‘ট্রোল ফার্ম’?
‘ওআরএম এজেন্সি’গুলো প্রয়োজন অনুযায়ী সক্রিয় করে ‘ট্রোল ফার্ম’কে। এটি আদতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর পোস্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার জন্য নিয়োগ করা সংগঠিত একটি দল। উদ্দেশ্য থাকে এমন একটা পরিস্থিতি তৈরি করা, যাতে মনে হয় সাধারণ মানুষই কোন তারকার বিরুদ্ধে ক্ষুব্ধ।
একটি উদাহরণ দেওয়া যাক। এক কটাক্ষকারী পোস্ট করেন, ‘কার্তিক আরিয়ান কি অপ্রাপ্তবয়স্ক এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন?’ ওই তরুণীর প্রোফাইলে বয়স ১৭ বছর লেখা ছিল। কিছুক্ষণের মধ্যেই পাল্টা এক ‘ট্রোল ফার্ম’ দাবি করে, তরুণীর বয়স আসলে ১৮। পরে ওই তরুণী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে, তিনি কার্তিককে চেনেন না। কিন্তু ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে বিতর্কের নিজস্ব চিত্রনাট্য।
এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক এক জনসংযোগ পেশাদার বলেন, ‘এখন এটা প্রায় প্রত্যেক ছবির বাজেটের অংশ। আপনি ‘পেড ট্রোলিং’-এ (অর্থের বিনিময়ে কোনও তারকার নেতিবাচক সমালোচনা করা) যুক্ত না থাকলেও ক্ষতি সামলাতে একটি ‘ওআরএম এজেন্সি’ হাতের কাছে রাখা দরকার। কেউ যদি আপনার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে, সেটাও আটকাতে হবে তো?’
তার মতে, ঘটনাটি একেবারে নতুন নয়। আগে প্রতিপক্ষ তারকারা কোনও বড় সংবাদপত্রে বেনামে খবর প্রকাশের জন্য টাকা দিতেন। এর পাল্টা অন্য সংবাদপত্রে নিজেদের বক্তব্য প্রকাশ করা হতো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যা খুশি লেখার জায়গা অপরিসীম, একই সঙ্গে জবাবদিহির দায়ও অনেক কম।
এ প্রসঙ্গে ঋদ্ধিমা কাপুর বলেন, বিনোদনজগতে প্রতিপক্ষ দল অনেক সময় যে কোন তারকার পক্ষে বা বিপক্ষে প্রচার করার জন্য অর্থ ব্যয় করে। ফলে কোন তারকার উপর সত্যিই কোন অনুরাগী ক্ষুব্ধ কি না তা এখন বোঝা বেশ কঠিন হয়ে পড়েছে। তাঁর কথায়, “আসল অনুরাগীদের ক্ষোভ আর অর্থের বিনিময়ে কেনা ক্ষোভের মধ্যে সীমারেখা প্রায় মুছে গিয়েছে। আর যে সংস্থাগুলো এই কাজ করে, তাদের আইনি জবাবদিহির কোন দায় নেই। এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এটাই সত্যি।’
বলিউডে এই ‘পেইড ট্রোলিং’-এর শিকার নাকি একাধিক প্রথম সারির তারকা। সম্প্রতি, অভিযোগ উঠেছে আলিয়া ভট্টও নাকি এই নেতিবাচক প্রচারের শিকার। বিশেষ করে তাঁর ছবি ‘আলফা’ মুক্তির পর ব্যাপক ট্রোলিং শুরু হয়েছিল বলে দাবি এক প্রযুক্তিবিদের। তার মতে, বলিউডের অন্য কোন প্রথম সারির নায়িকার সংস্থার হাত থাকতে পারে এই প্রচারের নেপথ্যে।
যদিও সংশ্লিষ্ট অভিনেত্রীরা নিজেরা বিষয়টি সম্পর্কে আদৌ জানতেন কি না, তা নিশ্চিত নয়। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নানা কটাক্ষের মূল বক্তব্য প্রায় একই— অ্যাকশন তারকা হিসাবে আলিয়া যথাযথ নন, অন্য কাউকে ওই চরিত্রে নেওয়া উচিত ছিল! এমনকি, তার উচ্চতা নিয়েও কটাক্ষ করা হয়েছে।
তবে আলিয়া একা নন। শুটিংয়ে দৈনিক আট ঘণ্টা কাজের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই দীপিকা পাড়ুকোনকেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি একটি রাখিবন্ধনের বিজ্ঞাপন নিয়েও কৃতি সেননকে সমাজমাধ্যমে এমন তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় যে, শেষপর্যন্ত সংস্থার তরফেই সেই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়। সন্তানজন্মের পরে সাধারণ মানুষের নজরের আড়ালেই রয়েছেন ক্যাটরিনা কইফ। সম্প্রতি তাকে প্রকাশ্যে দেখা গেলে তার পোশাক ও চেহারা নিয়ে কটাক্ষও নজরে পড়েছে সাধারণ মানুষের।
তবে শুধুই কি অভিনেত্রীরা কটাক্ষের শিকার? না। ‘পেইড ট্রোলিং’-এর হাত থেকে পুরুষ তারকারাও রেহাই পাচ্ছেন না। ‘বর্ডার ২’-এর সহ-প্রযোজক নিধি দত্ত চলতি বছরের শুরুতে বরুণ ধবনের বিরুদ্ধে হওয়া ‘পেইড ট্রোলিং’-এর নিন্দা করেছিলেন। রণবীর সিংহকেও নাকি ‘ধুরন্ধর’-এর সাফল্যের মধ্যে ‘কান্তারা’-মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়ানোর চেষ্টা হয়েছিল বলে দাবি। অভিনেতা-পরিচালক অংশুমান ঝা জানান যে, একটি সংস্থার মাধ্যমেই তিনি জানতে পারেন যে কোনও এক তারকার তরফে তাঁর ইনস্টাগ্রামে ‘মাস রিপোর্টিং’ করা হচ্ছে। উদ্দেশ্য ছিল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি বা বিস্তার নষ্ট করা। তার কথায়, ‘ওর কয়েক কোটি অনুসরণকারী। আর আমার মাত্র কয়েক হাজার। তাই এটা করে কী লাভ জানি না।’
‘পেইড ট্রোলিং’ বা অর্থের বিনিময়ে মানুষকে অপদস্থ করার এই চক্র এখন এতটাই সংগঠিত যে, এর জন্য খরচের তালিকা পর্যন্ত নির্দিষ্ট থাকে বলে জানা যায়। যেমন, কোনও অ্যাকাউন্টে কেবল ‘মাস রিপোর্টিং’ করতে হলে সেই বাবদ খরচ শুরু কয়েক হাজার টাকা থেকে। প্রায় হাজার খানেক পোস্টের জন্য ১ লাখ টাকা আর যদি বড়সড় এবং দীর্ঘমেয়াদি অপপ্রচারের বিষয় হয় তা হলে ৫০ লাখেরও বেশি খরচ। এটাও দুইভাবে হয়— মানুষ ও প্রযুক্তির সাহায্যে। আগে এই কাজ করতেন এমন এক সমালোচক জানিয়েছেন, ‘মানব ট্রোল ফার্ম’ বা নির্দিষ্ট লোকজনকে দিয়ে ট্রোল করালে সেই খরচ প্রযুক্তির তুলনায় বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা চলে আসায় এই কাজ আরও সস্তা হয়েছে। তবে মানুষের সাহায্যে এই কাজ করলে যে কোনও সাজানো চিত্রনাট্যকে অনেক বেশি স্বাভাবিক মনে হয়।