সংগীত করতে হবে জাস্ট প্যাশন থেকে, নেশা থেকে: জেমস

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

সংগীত করতে হবে জাস্ট প্যাশন থেকে, নেশা থেকে: জেমস

ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে স্টেজ শো শেষে বর্তমানে সুইডেনের স্টকহোমে আছেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। আজ সন্ধ্যায় স্টকহোমের নাকার মঞ্চে গান করবেন তিনি। কনসার্টের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন গান, লাইভ মিউজিক, এআই এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন জেমস।

মঞ্চে দাঁড়ানোর পর শ্রোতাদের ভালোবাসা প্রসঙ্গে জেমস বলেন, ‘ভালোবাসা তো সব সময় ভালো লাগার একটা জিনিস। যখনই মঞ্চে দাঁড়াই, তখন মনে হয়, সব আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে প্রজন্ম, এটা খেয়ালই করিনি। এখন মনে হয়, অনেকগুলো প্রজন্ম পার করে এসেছি।’

নিয়মিত কনসার্টের কারণে নতুন গান প্রকাশের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ছে বলেও জানান জেমস। তিনি বলেন, ‘মঞ্চে গান করতে করতে সময় খুব কম পাই। তবু চেষ্টা করছি খুব নতুন গান আবার আনার জন্য।’

অতীত নিয়ে পড়ে না থেকে বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান জেমস। তার ভাষায়, ‘ফিরে যেতে চাই না, আমি বর্তমান নিয়ে বিশ্বাসী। যেমন এই মুহূর্তটাই। অতীত নিয়ে ভাবতে চাই না। সামনের দিকে তাকাতে চাই।’

সংগীতকে কোনো কিছু অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না জেমস। তার কাছে গান করা প্যাশন ও নেশার বিষয়। তিনি বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য মিউজিক করলে আমার মনে হয় এখনই বন্ধ করে দেওয়া উচিত। কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনো মানে হয় না। সংগীত করতে হবে জাস্ট প্যাশন থেকে, নেশা থেকে। এর বাইরে কোনো কিছু চাওয়ার জন্য মিউজিক করাটা আমি মনে করি ঠিক নয়।’

নিজের জন্য সংগীতচর্চা চালিয়ে যাওয়ার কথাও জানান এই শিল্পী। জেমস বলেন, ‘মিউজিক করতে হবে নিজের জন্য, চর্চা করে যেতে হবে। যদি এর মধ্যে কিছু আসে, সেটা ভিন্ন কথা। আমি যদি সংগীত থেকে কোনো কিছু না–ও অর্জন করতাম, আমি সংগীতই করতাম।’

আরও পড়ুন