বাদ পড়ল যশ-কিয়ারার ‘টক্সিক’-এর বেশ কিছু দৃশ্য!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাদ পড়ল যশ-কিয়ারার ‘টক্সিক’-এর বেশ কিছু দৃশ্য!

ছবি: সংগৃহীত

ভারতের প্রেক্ষাগৃহে চলছে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস্‌’। তবে এবার ছবিটি ইংরেজি ভাষায় মুক্তি পেতে চলেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে যশ অভিনীত ছবির ইংরেজি সংস্করণের মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু ইংরেজি সংস্করণ থেকে বেশ কয়েকটি দৃশ্য বাদ পড়ছে, যার ফলে ছবিটির ব্যাপ্তি ১৭ মিনিট ছোট হয়ে গেছে।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলা ‘টক্সিক’-এর দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। হিন্দিসহ ভারতের বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় এই ছবিটি মুক্তি পেয়েছে। কিন্তু যে নতুন ইংরেজি সংস্করণটি মুক্তি পাচ্ছে, তার দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ, মূল ছবির তুলনায় এই সংস্করণটি প্রায় ১৭ মিনিট ছোট।

নতুন ইংরেজি সংস্করণে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, কিয়ারা আডবাণী ও যশের ‘তবাহী’ গানটি বাদ পড়েছে।

ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী এবং রুক্মিণী বসন্ত। হিংসা এবং ঈর্ষায় ভরা জগতে প্রেম এবং মুক্তির মূল্য কতটা, সেটিই ছবির অন্যতম বিষয়। 

ছবিতে রয়েছে হিংসাত্মক বেশ কিছু দৃশ্য। কিয়ারা, তারা ও রুক্মিণীর সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। ছবিটি নিয়ে সমালোচনাও হচ্ছে। অভিযোগ ছবিটি নাকি অহেতুক যৌনগন্ধী এবং রক্তারক্তিতে ভরা। এর মধ্যেই ছড়িয়ে পড়ে যশ ও পরিচালক গীতু মোহনদাসের একটি সাক্ষাৎকারের ভিডিও।

সেই সাক্ষাৎকারে গীতু বলেছিলেন, ‘আমি চিত্রনাট্যে একটা জিনিস লিখি, কিন্তু শুট করি অন্য কিছু, আবার সম্পাদনার সময়ে অন্য কিছু করি। তারপরে ছবিটা মুক্তি পেলে আমার ভাললাগে। আমি কখনোই চিত্রনাট্য মেনে চলি না। এখনও আমার পরের ছবি নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলছি। তাদের আমি একটা কথাই বার বার বলেছি, আপনারা যে জিনিসটা পড়ছেন, শেষপর্যন্ত কিন্তু সেটা পাবেন না।’

অন্য দিকে, ‘টক্সিক’ নিয়ে কথা বলেছিলেন যশও। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘আমি নিশ্চিত, দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বের হবেন, তখন তারা অবাক হয়ে যাবেন। আর বলবেন, এটা কী দেখলাম!’ 

আরও পড়ুন