বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫১, ১২ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
নারীর কর্মজীবন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, একজন জনপ্রতিনিধি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটি নারীর সাংবিধানিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা এবং নাগরিক হিসেবে সমান মর্যাদার পরিপন্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে নারীর কর্মজীবন নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতিবাচক ও পশ্চাৎমুখী বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির মতে, নীতিনির্ধারণী পর্যায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্য শুধু অসাংবিধানিক নয়, বরং নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠার পরিপন্থী। এ ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ অবস্থান তুলে ধরেছেন এবং জনপ্রতিনিধি হিসেবে তার সাংবিধানিক শপথের প্রতি দায়িত্ব পালনের বিষয়েও প্রশ্ন তৈরি করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, নারীর কর্মজীবন নিয়ে এ ধরনের নেতিবাচক মন্তব্য সমাজে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা এবং তাদের অর্জিত অধিকার সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করে। নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা সমতাভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শর্ত।
বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিমন্ত্রীর বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের নারীর সাংবিধানিক অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দায়িত্বশীল এবং সংবেদনশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এসআইপি