নারী আন্দোলনে নতুন দিগন্ত: জোবেদা হক রিসোর্স সেন্টারের যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২২:১০, ১১ নভেম্বর ২০২৬

নারী আন্দোলনে নতুন দিগন্ত: জোবেদা হক রিসোর্স সেন্টারের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত

নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং নারী আন্দোলনকে গবেষণা ও জ্ঞানভিত্তিক চর্চার মাধ্যমে আরও শক্তিশালী করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার’। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রটি নারী আন্দোলনের অভিজ্ঞতার সঙ্গে প্রাতিষ্ঠানিক গবেষণা ও একাডেমিক জ্ঞানচর্চার সংযোগ তৈরি করবে। একই সঙ্গে তরুণ গবেষকদের গবেষণায় উৎসাহিত করতে স্নাতক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম এবং শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে জ্ঞান, তথ্য ও যোগাযোগের সুযোগ বাড়ার পাশাপাশি উন্নয়ন ও স্থায়িত্বশীলতার প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে নারীর অধিকার প্রতিষ্ঠা ছাড়া নারীর উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। এ জন্য নারী আন্দোলনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এর গুণগত মান উন্নয়ন প্রয়োজন।

তিনি বলেন, নারী আন্দোলনের কর্মীদের জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেন্দ্রটির কার্যক্রম শুধু বাংলাদেশ মহিলা পরিষদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও অন্যান্য সংগঠনের সঙ্গে সংযুক্ত করতে হবে। এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বৃহত্তর সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

প্রয়াত জোবেদা হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তার সংগ্রামী জীবন, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা, ধৈর্য ও সমাজের প্রতি অবদানের কথা তুলে ধরেন। তার আদর্শ ধারণ করে কেন্দ্রটির কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোবেদা হকের অনুদান এবং গবেষণার প্রতি তার পরিবারের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

মালেকা বানু বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূরীকরণে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্দোলনের পাশাপাশি নারী আন্দোলনের সংগঠক ও কর্মীদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধিও সংগঠনের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠিত রিসোর্স সেন্টারটি নারী আন্দোলনের কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞানভান্ডার হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, নারী আন্দোলনের পথ কখনো সহজ বা সরল নয়। নানা প্রতিকূলতা ও পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে এ আন্দোলনকে এগিয়ে নিতে হয়। তাই আন্দোলনের লক্ষ্য অর্জনে কর্মীদের জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠা জরুরি। রিসোর্স সেন্টারে জ্ঞানচর্চার পাশাপাশি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাজে নারী আন্দোলনের অনুকূল পরিবেশ তৈরিতেও কেন্দ্রটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সীমা মোসলেম বলেন, জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমে একটি নতুন মাইলফলক যুক্ত হলো। এটি সংগঠনের দীর্ঘদিনের আন্দোলন ও অভিজ্ঞতার সঙ্গে প্রাতিষ্ঠানিক গবেষণার সেতুবন্ধন তৈরি করবে। কেন্দ্রটির অন্যতম লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে নারী আন্দোলনের বাস্তব অভিজ্ঞতাকে তাত্ত্বিক ও একাডেমিক গবেষণার সঙ্গে যুক্ত করা, যাতে শিক্ষা, সমাজ উন্নয়ন ও নারী অধিকার প্রতিষ্ঠার কার্যক্রম আরও তথ্যনির্ভর ও ফলপ্রসূ হয়। তরুণ গবেষকদের জন্য ফেলোশিপ প্রদানের উদ্যোগের মধ্য দিয়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের দীর্ঘদিনের অঙ্গীকার আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আয়েশা বানু তার বক্তব্যে জেন্ডারবিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি গবেষণার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদের বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে সম্পৃক্ত হয়ে ভবিষ্যতে সংগঠনের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান।

অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, রিসোর্স সেন্টারটি শুধু গবেষণার ক্ষেত্র নয়, বরং মানসম্মত তথ্য ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। ফেলোশিপে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা প্রস্তাব হতে হবে বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক। ছয় মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য লক্ষ্য নির্ধারণ, যথাযথ সাহিত্য পর্যালোচনা, সুস্পষ্ট গবেষণা পদ্ধতি এবং গবেষণার নতুনত্ব ও সম্ভাব্য ফলাফল প্রস্তাবে তুলে ধরতে হবে। গবেষণায় এআই ব্যবহার করা হলে কোন কাজে কীভাবে তা ব্যবহার করা হয়েছে, সে বিষয়েও স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণার অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা। কিন্তু অর্থায়ন, গবেষণা-সম্পদ ও প্রাতিষ্ঠানিক সুযোগের সীমাবদ্ধতার কারণে অনেক গবেষণার ফলাফল বাস্তবে কাজে লাগানো সম্ভব হয় না। বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে রিসোর্স সেন্টারের সংযোগ একাডেমিক গবেষণা ও নারী আন্দোলনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। তিনি আরও বলেন, গবেষণালব্ধ তথ্য নারী অধিকার, জেন্ডার সমতা, আইন ও নীতিমালা প্রণয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে স্নাতক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ প্রদানের ঘোষণা ও আবেদনের নিয়মাবলি তুলে ধরেন বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদ সম্পাদক রীনা আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বিআইজিডির জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন ক্লাস্টারের প্রধান মাহিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেখা চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তারা, তরুণী সদস্য ও সাংবাদিকসহ প্রায় ৯০ জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 

এসআইপি

আরও পড়ুন