ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩:৫২, ১১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
মাঠে নামার আগে অধিনায়ক হামজা চৌধুরী বলেছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশই ফেবারিট। এবার মাঠের পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের প্রমাণ দিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করেছেন হামজা। বাকি তিনটি গোল এসেছে শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের পা থেকে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার (১১ নভেম্বর)-এর ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে টমাস ডুলির দল। আক্রমণাত্মক ফুটবলে শ্রীলঙ্কার রক্ষণভাগকে ব্যস্ত রাখার পাশাপাশি একের পর এক গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত চার গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় দ্বিতীয় গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে হামজারা।
বাংলাদেশের এই বড় জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভুটানও। এক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে তারা। সেমিফাইনালে ভুটানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর ক্রস ঠেকাতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তার হাত থেকে বল ছিটকে সামনে চলে এলে সুযোগ কাজে লাগান শমিত সোম। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।
প্রথম গোলের পরও আক্রমণের গতি কমায়নি বাংলাদেশ। ২৫ মিনিটে ফারহান আলী ওয়াহিদের লম্বা পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন রাকিব হোসেন। তবে তার ব্যাকহিল চিপ লক্ষ্যে রাখতে পারেননি। গোলের সেই সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ।
৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে পেনাল্টি বক্সে প্রবেশ করেন হামজা। এরপর শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন অধিনায়ক। জাতীয় দলের নেতৃত্বে প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই মিডফিল্ডার।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৩ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন ফারহান আলী ওয়াহিদ। শমিতের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। এরপর দুর্দান্ত ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার একের পর এক চারজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ এই উইঙ্গার। তার অসাধারণ গোলটি মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়। এমনকি সতীর্থ হামজাকেও ফারহানের নৈপুণ্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখা যায়।
ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি ফারহানকে নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তার মতে, আগামী এক দশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠার সামর্থ্য রয়েছে এই তরুণের। বোরহামউড এফসিতে খেলা ফারহান শ্রীলঙ্কার বিপক্ষে নিজের পারফরম্যান্স দিয়ে সেই সম্ভাবনারই ইঙ্গিত দিয়েছেন।
৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলোয়াড়দের সতেজ রাখতে একাধিক পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। মাঠে নামানো হয় শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়াকে। তবে শেষ পর্যন্ত গোলের জন্য আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের ৮৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। বক্সের বাইরে বল পেয়ে নিজের গতি ও দক্ষতায় একজন ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর গোলরক্ষক সুজন পেরেরাকে সামনে পেয়ে চমৎকার চিপে বল জালে পাঠান। এতে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
চারজন ভিন্ন ফুটবলারের গোল এবং পুরো ম্যাচে আক্রমণাত্মক পারফরম্যান্স বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। গ্রুপ পর্বে দুর্দান্ত সাফল্যের পর এখন সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠাই হবে হামজা চৌধুরীদের পরবর্তী লক্ষ্য।
এসআইপি