৪ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৮, ১০ আগস্ট ২০২৬

৪ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ

ছবি সংগ্রহীত

সংকটে থাকা চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সেগুলোতে প্রশাসক দল নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। চার প্রতিষ্ঠানের প্রতিটিতে একজন করে অস্থায়ী প্রশাসক এবং দুজন করে সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সে হিসাবে চার প্রতিষ্ঠানে মোট ১২ জন দায়িত্ব পালন করবেন, যাঁদের সবাই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে আজ রোববার প্রশাসক দল নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় থাকা চারটি ফাইন্যান্স কোম্পানির প্রশাসন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য এসব কর্মকর্তাকে অস্থায়ী প্রশাসক ও সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চার প্রতিষ্ঠান হলো—আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস। এর আগে বাংলাদেশ ব্যাংক পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল। পঞ্চম প্রতিষ্ঠানটি হলো পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস। আদালতের আদেশ না পাওয়ায় এই আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
 

আরও পড়ুন