দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ০০:৫৯, ১০ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমায় অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে।
গত সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশীয় পয়েন্ট।
তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো। এসব পণ্যের দাম বাড়ার হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমার ক্ষেত্রে স্বস্তি আসেনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বছরের অক্টোবর মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে।
সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাবারের বাইরে অন্যান্য পণ্য ও সেবার খরচ বেড়েছে।