আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৮:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান। গ্রেপ্তার আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় রাখা হয়েছিল। সেসময় হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন