বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০১:২৮, ২৪ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
দেশে ছয় হাজারের বেশি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার দূষণে মানুষের গড় আয়ু কমছে প্রায় ৫ দশমিক ৫ বছর। ঢাকায় এই ক্ষতির পরিমাণ প্রায় ৭ বছর। এর মধ্যে সব ইটভাটার দূষণ সমান ক্ষতিকর নয়। কিছু ইটভাটার দূষণে তুলনামূলক বেশি মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এমন ক্ষতিকর ইটভাটার অবস্থান ও দূষণের প্রভাব চিহ্নিত করতে চালু হয়েছে ‘ইটভাটা ট্র্যাকার’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। গবেষণায় ঢাকার সাভার এলাকার ইটভাটাগুলোকে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার: লঞ্চিং দ্য ব্রিক কিলন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। গবেষণা প্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এটি তৈরি করেছে।
প্রাথমিকভাবে দেশের ৪৪টি জেলার ১৬৮টি উপজেলার ইটভাটার তথ্য এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। www.iterbhata.com ওয়েবসাইটে প্রবেশ করে ইটভাটার অবস্থান, ব্যবহৃত প্রযুক্তির ধরন এবং সেগুলোর কারণে সৃষ্ট সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানা যাবে। পর্যায়ক্রমে দেশের সব ইটভাটার তথ্য এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা বিশ্বের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের ১২ গুণের বেশি। এই দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু প্রায় ৫ দশমিক ৫ বছর কমছে। ঢাকা জেলায় এই ক্ষতির পরিমাণ প্রায় ৭ বছর।
গবেষকদের হিসাবে, দেশে ছয় হাজারের বেশি ইটভাটা রয়েছে। এর অধিকাংশই প্রতিবছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সচল থাকে। এসব ভাটার বেশির ভাগে কয়লা পোড়ানোর ফলে নির্গত দূষিত ধোঁয়া শীতকালে বাতাসের সঙ্গে জনবহুল এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ফুসফুসের বিভিন্ন রোগ, ফুসফুসের ক্যানসার, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
ইটভাটা ট্র্যাকার তৈরিতে স্যাটেলাইটের ছবি ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে ইটভাটার অবস্থান ও ধরন শনাক্ত করা হয়েছে। পরে ‘অরবিট’ বায়ুমান মডেলের সাহায্যে ভাটার প্রযুক্তি, বাতাসের গতিপথ, আবহাওয়া এবং আশপাশের জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা নিরূপণ করা হয়েছে।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইটভাটার অবস্থান ও বাতাসের প্রবাহের কারণে দূষণের প্রভাব একেক এলাকায় একেক রকম হয়। কোনো ভাটার দূষিত বাতাস ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়লে তুলনামূলক বেশি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। ঢাকার উত্তর-পশ্চিমে অবস্থিত সাভারের ইটভাটাগুলোর দূষিত বাতাস শীতকালে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকার দিকে প্রবাহিত হয়। এ কারণে সাভারের ইটভাটাগুলোকে বেশি ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহকারী অধ্যাপক ও গবেষণা উদ্যোগটির প্রধান ড. মার্টিন ম্যাটসন বলেন, কোন ইটভাটা সবচেয়ে বেশি মানুষের স্বাস্থ্যক্ষতি করছে, তা শনাক্ত করা গেলে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
গবেষকদের আশা, এই তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নীতিনির্ধারক, সাংবাদিক, গবেষক ও স্থানীয় জনগোষ্ঠী সহজেই দূষণের উৎস ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে ক্ষতিকর ইটভাটা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআইপি/দ্যরিপোর্ট২৪