Logo
×

বিশ্ব

শিলিগুড়ির পর আগরতলা, গুয়াহাটি মিশনে বাংলাদেশ ভিসাকেন্দ্র বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫

শিলিগুড়ির পর আগরতলা, গুয়াহাটি মিশনে বাংলাদেশ ভিসাকেন্দ্র বন্ধ

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পর এবার ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী মিশনেও কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। ঠিক একইভাবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনেও ভিসা প্রদান সাময়িক বন্ধ রাখা হয়েছে।

যদিও এ বিষয়ে ওই দুই মিশনের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। মূলত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণেই এই দুই বাংলাদেশ মিশনে ভিসার আবেদন গ্রহণ ও প্রদান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে ঠিক একই কারণে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য. শুধু পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে ‘ডিইউ ডিজিটাল’ নামে একটি স্বতন্ত্র সংস্থা। কলকাতার সল্টলেক এবং শিলিগুড়ির সমস্ত ভিসা আবেদন সংগ্রহ করে ডিইউ ডিজিটাল।

পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হয় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে। সেখানে ভিসা প্রসেসিংয়ের পর আবেদনকারীরা ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করে সংশ্লিষ্ট সংস্থার অফিস থেকে। সেই সংস্থাটি কলকাতার বাংলাদেশ মিশনকে জানিয়েছে, তারা নিরাপত্তার অভাব বোধ করছে। শিলিগুড়ি ভিসা আবেদন কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখতে চাই। এরপর কলকাতার বাংলাদেশ মিশন থেকে সম্মতি পাওয়ার পর বন্ধ হয় শিলিগুড়ির ভিসা আবেদন সেন্টার। অপরদিকে, ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।