ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩৫ জনে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো বলেন, দুর্ভাগ্যবশত, আমরা এমন ২৩৫ জন রোগীর তথ্য পেয়েছি, যারা মৃত অবস্থায় আমাদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেছেন অথবা হাসপাতালে আনার পথেই মারা গেছেন।
ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী জানান, আহতদের চাপে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। আলভারাডো আরও বলেন, লা গুয়াইরা এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অগ্রাধিকার এখন আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা কার্যক্রম চলমান রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

logo-2-1757314069.png)
