রেকর্ড ভোটারের অংশগ্রহণে শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২২:০৯
কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘাত-সহিংসতার মধ্যেই শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। অনিয়ম-কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস-উভয়পক্ষই। এবারের নির্বাচনে ২৯৪ আসনে মোট ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি, যা রাজ্যটির ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (২৯ এপ্রিল) থেকেই নিজ আসনের বুথে বুথে ঘুরে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের এই আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছেন তিনি। কালীগঞ্জে যেতেই শুভেন্দু পড়েন তৃণমূল কর্মীদের তোপের মুখে। হেভিওয়েট এই প্রার্থীকে ঘিরে চোর-চোর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।
এসময় তৃণমূল ও বিজেপি কর্মীদের পাল্টাপাল্টি জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগানে ছড়ায় উত্তেজনা। শুভেন্দুর ডাকে কেন্দ্রীয় পুলিশ বাহিনী, সিআরপিএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করে লাঠিচার্জ। এই বিজেপি নেতার অভিযোগ, বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে টিএমসি। রাজ্যের ক্ষমতাসীনদের বিরুদ্ধে তোলা হয়েছে কারচুপির অভিযোগও। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, 'ভোটার লিস্ট থেকে বাদ পড়া বাংলাদেশি মুসলমানরা আমাকে দেখে জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। তাদের আচরণে হিন্দুরা জেগে উঠেছে। আমার ভোট ১০ হাজার বেড়ে গেছে।' মমতা ব্যানার্জির পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় পুলিশ বাহিনী ব্যবহার করে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের কর্মী-সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের অভিযোগও তোলেন তিনি।
তিনি বলেন, 'ভোটের আগের রাত থেকেই তারা অত্যাচার শুরু করেছে। আমাদের বহু লোককে গ্রেফতার করেছে। আমি এমন গণতন্ত্র আগে কখনো দেখিনি। সিআরপিএফ এভাবে নির্যাতন করতে পারে না। কোনো বুথেই রাজ্য পুলিশ নেই। ওরা সবকিছু দখল করে নিয়েছে।' নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে। বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে আরও কয়েকটি স্থানেও। কয়েকটি সহিংস ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভিড় জমান ভোটাররা। ২০১১ সালের রেকর্ড ভেঙে রাজ্যের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এর আগে, নির্বাচনের প্রথম ধাপে গত ২৩ এপ্রিল ১৫২ আসনে হয় ভোটাভুটি।

logo-2-1757314069.png)
