Logo
×

বিশ্ব

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা হবে কি না, তা নিয়ে নানা কানাঘুষার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তিনি ইসলামাবাদে পৌঁছান বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার , প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। আরাঘচি একটি আঞ্চলিক সফরে অংশ নিচ্ছেন, যার মধ্যে ইসলামাবাদের পাশাপাশি ওমানের মাসকাট এবং রাশিয়ার মস্কোও রয়েছে।

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে চলমান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হবে। এদিকে গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকেই খবর ছড়াচ্ছিল, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে গিয়ে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবেন। তবে তারপর কয়েকদিন পেরোলেও ‘এয়ার ফোর্স-টু’ উড়োজাহাজ এখনো উড্ডয়ন করেনি। এগোয়নি দুপক্ষের আলোচনাও। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন। একইসঙ্গে ইরানে যাতায়াতে নৌপথ অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সেই সংকট নিরসনে এগিয়ে এসেছে পাকিস্তান। তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এরই মধ্যে প্রথম দফায় আলোচনা সম্পন্ন হয়েছে, তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।

এরপর দ্বিতীয় দফায় দুপক্ষকে বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের নেতৃত্ব। বিবিসি জানিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ, যার কারণে সেখানকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।