Logo
×

বিশ্ব

যুদ্ধবিরতির পর লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলের হামলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:২৮

যুদ্ধবিরতির পর লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আজ সোমবার হিজবুল্লাহর মিত্র ও লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলি হাসান খলিল এই তথ্য জানিয়েছেন।


লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির শীর্ষ সহযোগী আলি হাসান খলিল বলেন, ইসরায়েলি বাহিনীর চালানো শক্তিশালী বিস্ফোরণে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গ্রামগুলোতে বিভিন্ন মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।


তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করছে।


গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, তারা গতকাল রোববার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের কাফারকেলা এলাকায় হিজবুল্লাহর একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে। এলাকাটি কান্তারা থেকে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত। তবে সর্বশেষ এই হামলার খবর নিয়ে আইডিএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।


চুক্তির অংশ হিসেবে, হিজবুল্লাহ ও অন্যান্য ‘অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী’ যাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারে, সে জন্য লেবাননকে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে হবে। অন্যদিকে আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর ‘চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের’ কারণে তাদের বাহিনী এখনো দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে।