Logo
×

বিশ্ব

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এ মন্তব্য এলো। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত করেছে।

ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, ‘এফ-৩৫-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন।’

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ২১ ঘণ্টাব্যাপী ওই আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, ‘শত্রুপক্ষ তাদের অতিরিক্ত দাবি বাদ দিয়ে এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে’ আলোচনা পুনরায় শুরু হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেয়া হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি। ইরান জানিয়েছে, সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার শর্তে তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একইসঙ্গে, ইরানের নিয়ন্ত্রণে শর্তসাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেয়ার কথাও উল্লেখ করা হয়।