ইরানে ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৫৩
দশদিন আগে যুদ্ধ শুরুর পর আজ (মঙ্গলবার) ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক অস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ওই হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে যেসব মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল ড্যান কেইন। সংঘাতের হালনাগাদ তথ্য দিতে গিয়ে তিনি বলেন, যৌথ বাহিনী তাদের তিনটি প্রধান লক্ষ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। এসব লক্ষ্য হলো, মার্কিন স্বার্থে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালানো ও দুর্বল করা এবং ইরান যেন আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করা।
জেনারেল ড্যান কেইন বলেছেন, যুদ্ধের শুরুর দিকের তুলনায় বর্তমানের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা প্রায় ৯০ শতাংশ কমে গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের মাইন-স্থাপনকারী ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হানছে। এই অভিযানকে ‘কঠিন ও নিরলস কাজ’ হিসেবে অভিহিত করে তিনি যৌথ বাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন।

logo-2-1757314069.png)
