Logo
×

খেলা

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৪:২৮

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে শঙ্কা কাটছেই না। মাঠ কিংবা অনুশীলনে নেইমারের অনুপস্থিতি এক মাস পূর্ণ হতে চলল।

তার এই দীর্ঘ অনুপস্থিতি এবং পূনর্বাসনের ধীরগতির কারণে ব্রাজিলের কোচিং স্টাফদের প্রত্যাশায় বড় ধরনের ধাক্কা লেগেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও নেইমারকে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নেইমারের ফিট হয়ে ওঠা নিয়ে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা এরই মধ্যে পেরিয়ে গেছে। হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এমনকি স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও (২৪ জুন) তার খেলার নিশ্চয়তা দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। দলের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, বড় কোনো ঝুঁকি নেওয়া হবে না। অত্যন্ত প্রয়োজন না হলে নেইমারকে মাঠে নামানো হবে না বলে জানানো হয়েছে। সর্বশেষ মেডিক্যাল রিপোর্টে দেখা গেছে, নেইমারের ইনজুরি উন্নতির দিকে থাকলেও তা পুরোপুরি খেলার উপযোগী হওয়ার জন্য যথেষ্ট নয়। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার যে তিন সপ্তাহের সেরে ওঠার সময়সীমা দিয়েছিলেন, তা আজ শেষ হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে মাঠের অনুশীলনে ফিরতে ব্যর্থ হয়েছেন তিনি। বর্তমানে কেবল জিমে ওজন কমানোর ব্যায়াম এবং ফিজিওথেরাপি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই স্ট্রাইকার। বল নিয়ে অনুশীলনে নামার মতো শারীরিক সক্ষমতা এখনও তার তৈরি হয়নি।

এদিকে, নেইমারের ইনজুরি নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক কৌশলে কিছুটা অস্বচ্ছতা দেখা দিয়েছে, যা নিয়ে খোদ বোর্ডের অভ্যন্তরীন মহলে সমালোচনা তৈরি হয়েছে। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর কোচ কার্লো আনচেলত্তির কৌশল এবং নেইমারের পরিস্থিতি নিয়ে চাপ বেড়েছে। দলের ওপর থেকে অপ্রয়োজনীয় চাপ কমাতে সিবিএফ এখন নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া থেকে বিরত থাকছে। যদিও গত শুক্রবার কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী কণ্ঠে বলেছিলেন, ‘নেইমার কঠোর পরিশ্রম করছে এবং আমাদের আশা আগামী সপ্তাহের মধ্যেই সে দলের সঙ্গে অনুশীলনে ফিরবে। তার অভিজ্ঞতা ও টেকনিক্যাল সক্ষমতা এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল। এই পরিস্থিতির মোকাবিলায় এবং খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমাতে ব্রাজিলিয়ান শিবির এখন বাইরের জগত থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছে। জানা গেছে, খেলোয়াড়দের ওপর মিডিয়ার চাপ কমাতে নিয়মিত প্রেস কনফারেন্স সীমিত করা হচ্ছে।

ফিফা বা গণমাধ্যমের কাছে বাড়তি বক্তব্য দেওয়া থেকে খেলোয়াড়দের দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের ভেতরকার অস্বস্তি দূর করতে এবং মাঠের খেলায় মনযোগ বাড়াতে এখন কঠোর গোপনীয়তা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট।