Logo
×

খেলা

কোলম্যানের সাথে চুক্তি নয়: বাফুফ সভাপতি

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২৩:০০

কোলম্যানের সাথে চুক্তি নয়: বাফুফ সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো জাতীয় দলের নতুন কোচ চূড়ান্ত করতে পারেনি। বিষয়টি নিয়ে চলমান জল্পনা-কল্পনার মধ্যেই আবারও ব্যাখ্যা দিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।


তিনি জানান, ১৫ মে’র মধ্যেই কোচ চূড়ান্ত করার পরিকল্পনা ছিল ফেডারেশনের। তবে শেষ মুহূর্তে এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় আলোচনা ভেঙে যায়। তার ভাষায়, “চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সময় এজেন্ট ফি’র বিষয় আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্ট ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়, আবার সংশ্লিষ্ট পক্ষও তা ছাড়া রাজি নয়। ফলে আলোচনা সেখানেই থেমে যায়।”


এর আগে সম্ভাব্য কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। পাশাপাশি তালিকায় ছিলেন জার্মান কোচ ব্রেন্ড স্টোকস এবং টমাস ডুলি। কোলম্যানের সঙ্গে আলোচনা অনেক দূর এগোলেও উচ্চ ব্যয়ের কারণে এবং এজেন্ট ফি ইস্যুতে চুক্তি শেষ পর্যন্ত হয়নি। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তার প্রয়োজনও ছিল বলে জানান বাফুফে সভাপতি।


তাবিথ আউয়াল আরও বলেন, নতুন কোচ ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এবং ৫ জুন সান মারিনো জাতীয় ফুটবল দলর বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করবেন।


আগামী দুই বছরের জন্য জাতীয় দলের কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। তবে সেই কোচের লক্ষ্য ও পারফরম্যান্স কাঠামো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ফেডারেশনের লক্ষ্য, জাতীয় দলের খেলার মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দলকে এগিয়ে নেওয়া।