Logo
×

খেলা

মেসির শূন্যতা থেকে ট্রফির হাসি, বার্সার পুনর্জাগরণে লেভানডফস্কি

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:০২

মেসির শূন্যতা থেকে ট্রফির হাসি, বার্সার পুনর্জাগরণে লেভানডফস্কি

মেসি চলে যাওয়ার পর বার্সেলোনা যেন হঠাৎ করেই দিশেহারা হয়ে পড়েছিল। মাঠের খেলায় ছিল না আগের সেই আত্মবিশ্বাস, ক্লাবের আর্থিক অবস্থা ছিল ভয়াবহ, ইউরোপের বড় দলগুলো বার্সাকে আর আগের মতো ভয়ও পেত না। সমর্থকদের মনেও তখন এক ধরনের শূন্যতা। সবাই ভাবছিল, এই বার্সা আবার কবে ঘুরে দাঁড়াবে?


ঠিক সেই সময়েই বার্সেলোনায় আসেন রবার্ট লেভানডফস্কি। বয়স তখন ৩৪। অনেকেই বলেছিল, এটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। বার্সেলোনা আসে, এমন একটি দল থেকে - যে দল সে সময় ছিলো তাদের সেরা সময়ে। কেউ কেউ মনে করেছিল, তার সেরা সময় শেষ হয়ে গেছে। কিন্তু মাঠে নামার পর থেকেই লেভানডফস্কি বুঝিয়ে দেন, তিনি শুধু গোল করতে আসেননি, তিনি এসেছেন একটা ভেঙে পড়া দলকে আবার দাঁড় করাতে।


প্রথম মৌসুম থেকেই তিনি হয়ে ওঠেন দলের সবচেয়ে ভরসার নাম। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল, চাপের মুহূর্তে নেতৃত্ব, তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেওয়া—সব কিছুতেই সামনে ছিলেন তিনি। চার মৌসুমে বার্সেলোনাকে জিতিয়েছেন ৩টি লা লিগাসহ মোট ৭টি ট্রফি। কিন্তু তার অবদান শুধু ট্রফি বা গোলসংখ্যায় আটকে নেই।


লেভানডফস্কি বার্সাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছেন। তিনি দেখিয়েছেন, এই ক্লাব এখনো বড় স্বপ্ন দেখতে পারে। যখন তরুণ খেলোয়াড়েরা চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন তিনিই ছিলেন শান্ত একটা ছায়া। মাঠে তার উপস্থিতি পুরো দলকে আলাদা আত্মবিশ্বাস দিত।


আজ লামিন ইয়ামাল, পেদ্রি বা গাভিদের নিয়ে যত আলোচনা হয়, সেখানে লেভানডফস্কির নামটাও সমানভাবে আসা উচিত। কারণ তরুণদের উত্থানের পেছনে একজন অভিজ্ঞ নেতার ভূমিকা অনেক বড়। তিনি হয়তো সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না, কিন্তু দলের ভিতটা শক্ত করার কাজটা নিঃশব্দেই করে গেছেন।


বার্সেলোনার ইতিহাসে কঠিন সময়ের একজন রক্ষাকর্তা হিসেবে তার নাম অনেকদিন মনে রাখবে সমর্থকেরা। কারণ বার্সা যখন সবচেয়ে বেশি বিপর্যস্ত ছিল, তখনই রবার্ট লেভানডফস্কি এসে ক্লাবটাকে আবার জয়ের পথে ফিরিয়েছিলেন।