Logo
×

খেলা

মেসি জাদুতে ঘরের মাটিতে জয় পেলো ইন্টার মায়ামি

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:০২

মেসি জাদুতে ঘরের মাটিতে জয় পেলো ইন্টার মায়ামি

বিশ্বকাপ শুরুর আর খুব বেশি দেরি নেই। তার আগেই নিজের পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক গোল ও অসাধারণ অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে জয় এনে দেওয়ার পাশাপাশি নতুন মাঠের জয়হীনতার হতাশাও কাটালেন তিনি।


মেজর লিগ সকারে বাংলাদেশ সময় আজ ভোরে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে নিজেই গোল করেন মেসি। এরপর ৪২তম মিনিটে দারুণ এক পাসে এরমান বের্তারেমকে দিয়ে করান দ্বিতীয় গোল। এই জয়ে অবশেষে নিজেদের নতুন মাঠ নু স্টেডিয়ামে প্রথম জয় পেল মায়ামি।


৩৮ বছর বয়সী মেসি পুরো ম্যাচজুড়েই ছিলেন দারুণ সক্রিয়। পোর্টল্যান্ডের রক্ষণভাগকে বারবার বিপদে ফেলেছেন তাঁর গতি, পাস আর ড্রিবলিংয়ে। বিশ্বকাপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকতে আর্জেন্টাইন এই তারকা বুঝিয়ে দিলেন, শিরোপা ধরে রাখার মিশনের জন্য তিনি প্রস্তুত।


৩১তম মিনিটে টেলাস্কো সেগোভিয়ার ব্যাকহিল পাস থেকে গোল করেন মেসি। ক্যারিয়ারে এটি ছিল তাঁর ৯১০তম গোল।


তবে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত আসে দ্বিতীয় গোলের সময়। লুইস সুয়ারেজর সঙ্গে দ্রুত বল আদান-প্রদান করে পোর্টল্যান্ডের বক্সে ঢুকে পড়েন মেসি। চারজন ডিফেন্ডার তাঁকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ মুহূর্তে বাঁ পাশে ফাঁকায় থাকা বের্তারেমকে নিখুঁত পাস দেন তিনি। সেখান থেকে গোল করতে ভুল করেননি মেক্সিকান ফরোয়ার্ড।


বিরতির পরও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। একটি শট পোস্টের খুব কাছ দিয়ে বেরিয়ে যায়। আর ফ্রি-কিক থেকে নেওয়া তাঁর আরেকটি শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস প্যান্টেমিস।


গত মাসে উদ্বোধন করা ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়ামে এটি ছিল মায়ামির পঞ্চম ম্যাচ। এর আগে তিনটি ম্যাচ ড্র করেছিল দলটি। এমনকি অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৪-৩ গোলে হারতে হয়েছিল তাদের। অবশেষে পোর্টল্যান্ডের বিপক্ষে এসে কাটল সেই জয়খরা।


বিশ্বকাপ সামনে রেখে গত মাস থেকেই দারুণ ফর্মে আছেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ চার ম্যাচেই গোল করেছেন, পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।


২০২২ বিশ্বকাপজয়ী মেসি এবারের বিশ্বকাপে খেলবেন কি না, সেটি এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে তাঁর খেলার সম্ভাবনাই বেশি। লিওনেল স্কালোনি ইতোমধ্যে তাঁকে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে রেখেছেন।


আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।