Logo
×

খেলা

ক্যাম্প ন্যু তে ৩-১ গোলের জয় দিয়ে বার্সা অধ্যায় শেষ রবার্ট লেভানডফস্কির

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:০০

ক্যাম্প ন্যু তে ৩-১ গোলের জয় দিয়ে বার্সা অধ্যায় শেষ রবার্ট লেভানডফস্কির

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল। এবার ঘরের মাঠে জয় দিয়ে সমর্থকদের সামনে উৎসবটা আরও রঙিন করলো বার্সেলোনা। রোববার রাতে ক্যাম্প ন্যু তে রিয়াল বেতিসকে ৩-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখানো বার্সার জয়ের নায়ক ছিলেন রাফিনিয়া। দুই অর্ধে দুটি গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আরেকটি গোল করেন জোয়াও কান্সেলো।


তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সা। তবে গত রাউন্ডে আলাভেসর মাঠে ১-০ গোলে হেরে কিছুটা ছন্দ হারিয়েছিল কাতালানরা। সেই হতাশা কাটিয়ে এবার আবারও জয়ে ফিরল তারা। এই মৌসুমে লা লিগায় ঘরের মাঠে দুর্দান্ত এক রেকর্ডও গড়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যু তে খেলা ১৯টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে দলটি।


৩৭ ম্যাচ শেষে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৯৪। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেতিস। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আবেগ ছড়িয়েছে রবার্ট লেভানডফস্কি বিদায়। মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া এই স্ট্রাইকার এদিন ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন। শুরুর একাদশে নামা লেভানদোভস্কিকে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় কান্নাভেজা চোখে সমর্থকদের অভিবাদন জানান তিনি। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে করতালিতে বিদায় জানায় বার্সার এই কিংবদন্তিকে। ম্যাচ শুরুর আগেই বার্সেলোনার খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’ দেয় বেতিস।


২৮তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপরও একের পর এক আক্রমণ চালায় বার্সা, যদিও প্রথমার্ধে আর গোল পায়নি তারা। 


দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়াই। প্রতিপক্ষের ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।


৬৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইসকো। বক্সে গাভির ফাউলের পর ভিডিও সহকারী রেফারির সহায়তায় স্পট-কিকের সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। তবে বেতিসের আশা বেশিক্ষণ টেকেনি। ৭৪তম মিনিটে পেদ্রির পাস থেকে দূরপাল্লার শটে জালের ঠিকানা খুঁজে নেন কান্সেলো।


শেষ বাঁশির পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লেভানডফস্কি। সমর্থকদের দিকে হাত নেড়ে বিদায় জানান তিনি। সতীর্থরা তাকে শূন্যে ছুড়ে উদযাপন করেন। পরে বার্সেলোনা সভাপতির হাত থেকে বিশেষ স্মারকও তুলে দেওয়া হয় এই পোলিশ তারকার হাতে।